পর্যটক, ব্যবসায়ী ও রোগীদের জন্য ভিসা নীতিতে পরিবর্তন আনল ভারত

স
সদ্য সংবাদ ডেস্ক
১২ নভেম্বর, ২০২৬ ১৩:৫৬:৪২
ছবি: সংগৃহীত

বিদেশি নাগরিকদের ভারত ভ্রমণ ও অবস্থানের অনুমতি পাওয়ার প্রক্রিয়া সহজ করতে ভিসা নীতিতে বড় ধরনের সংস্কার করছে দেশটির সরকার। নতুন নিয়মে ভিসার ধরন ও উপশ্রেণির সংখ্যা কমানোর পাশাপাশি আবেদন ফরমও সংক্ষিপ্ত করা হচ্ছে। এতে আবেদনকারীদের প্রয়োজনীয় তথ্য দেওয়ার ঘর ৬৫ থেকে ৭০ শতাংশ পর্যন্ত কমতে পারে।

ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পর্যটন, চিকিৎসা, শিক্ষা, গবেষণা ও ব্যবসার কাজে বিদেশিদের যাতায়াত আরও নির্বিঘ্ন করাই এ সংস্কারের উদ্দেশ্য। ২০২৫ সালের অক্টোবর থেকে এ নিয়ে কাজ শুরু হয়। নতুন কাঠামো তৈরির আগে বিভিন্ন উন্নত দেশের ভিসা পদ্ধতি ও আন্তর্জাতিক মানদণ্ডও পর্যালোচনা করা হয়েছে।

নতুন ব্যবস্থায় ভিসার প্রধান শ্রেণি ১৩টি থেকে কমিয়ে ৯টি করা হচ্ছে। একই সঙ্গে উপশ্রেণি ৪৯টি থেকে নামিয়ে আনা হচ্ছে ২৩টিতে। ব্যবসায়িক, কূটনৈতিক, কর্মসংস্থান, সাংবাদিক, চিকিৎসা, সরকারি, শিক্ষার্থী, ভিজিটর ও বিবিধ—এই নয় শ্রেণিতে ভিসা দেওয়া হবে।

বর্তমানে বিশ্বের ১৭২টি দেশের নাগরিক ভারতের ই-ভিসা সুবিধা পান। এ জন্য ১৩টি উপশ্রেণিতে ইলেকট্রনিক ভ্রমণ অনুমোদন দেওয়া হয়। নতুন কাঠামো চালুর প্রস্তুতি হিসেবে তথ্যপ্রযুক্তি ব্যবস্থায় পরিবর্তন আনছে ভারত। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রত্যাশা, ২০২৬ সালের শেষ নাগাদ নতুন নিয়মে ভিসা দেওয়া সম্ভব হবে।

পর্যটনসহ বিভিন্ন কাজে ভিজিটর ভিসা

নতুন নীতিতে পর্যটক ভিসার পরিবর্তে ‘ভিজিটর ভিসা’ নাম চালু করা হচ্ছে। এর আওতায় সাধারণ ভ্রমণের পাশাপাশি স্বল্পমেয়াদি ব্যবসায়িক বৈঠক, চিকিৎসকের পরামর্শ, সুস্থতা কার্যক্রম এবং সাংস্কৃতিক ও শিক্ষামূলক কোর্সে অংশ নেওয়ার সুযোগ থাকবে।

এ ভিসার দুটি ধরন নির্ধারণ করা হয়েছে। ভি-১ ভিসার মেয়াদ হবে ৩০ দিন। এতে একাধিকবার ভারতে প্রবেশ করা যাবে। পর্যটনের পাশাপাশি স্বল্পমেয়াদি চিকিৎসা, ভারতীয় ভাষা, সংগীত, চারুকলা, হস্তশিল্প ও যোগব্যায়ামের কোর্সেও অংশ নেওয়া যাবে।

অন্যদিকে, দীর্ঘমেয়াদি ভ্রমণের জন্য থাকবে ভি-২ ভিসা। আবেদনকারীর যোগ্যতা অনুযায়ী এর মেয়াদ হতে পারে এক, পাঁচ অথবা ১০ বছর। ভি-১-এর আওতাভুক্ত কাজের পাশাপাশি এ ভিসায় পর্বতারোহণের সুযোগও থাকবে। এ কার্যক্রমের জন্য ছয় মাস মেয়াদি একাধিকবার প্রবেশের বিশেষ ব্যবস্থাও রাখা হয়েছে।

চিকিৎসার জন্য পৃথক ভিসা ও সঙ্গীদের সুবিধা

চিকিৎসা নিতে ভারতে যাওয়া বিদেশিদের জন্য সাধারণ চিকিৎসা ও আয়ুষ পদ্ধতিকে আলাদা করা হয়েছে। আয়ুষের বাইরে অন্যান্য চিকিৎসার জন্য এম-১ এবং আয়ুষ পদ্ধতির চিকিৎসার জন্য এম-৩ ভিসা দেওয়া হবে। উভয় ধরনের ভিসা ও ই-ভিসার মেয়াদ সাধারণত এক বছর নির্ধারণ করা হয়েছে। এ ক্ষেত্রে একাধিকবার ভারতে প্রবেশ করা যাবে।

রোগীর সঙ্গে যাওয়া ব্যক্তিদের জন্যও আলাদা শ্রেণি রাখা হয়েছে। এম-১ ভিসাধারীর সঙ্গী এম-২ এবং এম-৩ ভিসাধারীর সঙ্গী এম-৪ ভিসা পাবেন।

ভারত সরকারের ধারণা, নতুন এ ব্যবস্থায় দীর্ঘমেয়াদি চিকিৎসা কিংবা নিয়মিত চিকিৎসকের পরামর্শ ও পরীক্ষা-নিরীক্ষার জন্য যাতায়াতকারী রোগীদের সুবিধা হবে। একই চিকিৎসার জন্য বারবার নতুন করে ভিসার আবেদন করার প্রয়োজনও কমবে। দেশটির ‘হিল ইন ইন্ডিয়া’ উদ্যোগের সঙ্গেও এ সংস্কারকে যুক্ত করা হয়েছে।

শিক্ষার্থী ও গবেষকদের জন্য দুই ধরনের ভিসা

শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে এস-১ এবং এস-২ নামে দুটি উপশ্রেণি করা হয়েছে। স্কুল, স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে পড়াশোনার জন্য এস-১ ভিসা দেওয়া হবে। আর পিএইচডি গবেষক, গবেষণারত শিক্ষার্থী, অতিথি শিক্ষক, বৈজ্ঞানিক ও নৃতাত্ত্বিক অভিযানে অংশগ্রহণকারী, শিক্ষানবিশ এবং বিনিময় কর্মসূচির আওতায় আসা ব্যক্তিরা পাবেন এস-২ ভিসা।

‘স্টাডি ইন ইন্ডিয়া’ পোর্টালের মাধ্যমে দেশটির শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি হওয়া বিদেশি শিক্ষার্থীদের ই-এস১ ভিসা দেওয়ার সুযোগ থাকবে। এর মেয়াদ সর্বোচ্চ পাঁচ বছর অথবা সংশ্লিষ্ট শিক্ষাকোর্সের মেয়াদ পর্যন্ত হবে—যেটি কম। এ ভিসায় একাধিকবার ভারতে প্রবেশ করা যাবে।

ব্যবসায়িক ভিসায় বি-১ ও বি-২ শ্রেণি

ব্যবসায়িক ভিসার ক্ষেত্রেও নতুন বিভাজন আনা হয়েছে। দীর্ঘমেয়াদি ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা কিংবা ভারতে শিল্প ও ব্যবসাপ্রতিষ্ঠান গড়ে তুলতে আগ্রহীদের জন্য বি-১ ভিসা রাখা হয়েছে। আর স্বল্পমেয়াদি ও চুক্তিভিত্তিক কাজের জন্য দেওয়া হবে বি-২ ভিসা।

বি-২ শ্রেণিতে উৎপাদন ও বিনিয়োগসংক্রান্ত কার্যক্রম, সম্মেলন, খেলাধুলা, সাংস্কৃতিক পরিবেশনা এবং চলচ্চিত্রের শুটিংয়ের মতো কাজ অন্তর্ভুক্ত করা হয়েছে।

এ ছাড়া ভারতীয় প্রতিষ্ঠানের নিয়োগ করা বিদেশি বিশেষজ্ঞ, প্রকৌশলী ও কারিগরি কর্মীদের জন্যও বিশেষ সুবিধা থাকছে। কারখানা স্থাপন, উৎপাদন শুরু, মান যাচাই, রক্ষণাবেক্ষণ, তথ্যপ্রযুক্তি ও এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং, প্রশিক্ষণ, সরবরাহব্যবস্থার উন্নয়ন, কারখানার নকশা এবং কারিগরি সহায়তার কাজে যুক্ত ব্যক্তিরা এ সুবিধা পাবেন।

এসব পেশাজীবী উৎপাদন ও বিনিয়োগসংক্রান্ত কাজের জন্য বি-২ ভিসার আওতায় আবেদন করতে পারবেন। এ ক্ষেত্রে ই-ভিসার মাধ্যমেও আবেদনের সুযোগ থাকবে। আগে এ ধরনের ভিসা ই-বি৪ নামে পরিচিত ছিল।

নতুন কাঠামোয় বিবিধ ভিসার আওতায় ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তি, তাঁদের স্বামী-স্ত্রী ও সন্তান, দীর্ঘমেয়াদি ভিসাধারীদের নির্ভরশীল সদস্য এবং অরোভিল ফাউন্ডেশনের মতো নির্দিষ্ট প্রতিষ্ঠানে যোগ দিতে যাওয়া ব্যক্তিরা থাকবেন। এ ছাড়া ভারতে অবস্থানের ভিসা প্রত্যাশী আফগান নাগরিক এবং প্রতিবেশী কয়েকটি দেশের নাগরিকদের জন্য নির্দিষ্ট দীর্ঘমেয়াদি ভিসার ব্যবস্থাও রাখা হয়েছে।

সদ্য সংবাদ/এজে

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. বাংলাদেশ খুব ধনী দেশ নয়, মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে: শিক্ষার্থীদের রাষ্ট্রপতি সদ্য. সারাদেশের অবৈধ ইটভাটা বন্ধে হাইকোর্টের নির্দেশ সদ্য. আমাকে ব্যর্থ বললে এখনই পদত্যাগ করব, কোনো কষ্ট লাগবে না: স্বাস্থ্যমন্ত্রী সদ্য. সংরক্ষিত নারী আসনপ্রথা তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়: স্পিকার সদ্য. জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর ঋণ নয়, অনুদান প্রয়োজন: প্রধানমন্ত্রী সদ্য. ৯৬ কোটি টাকা খরচে জন্মনিয়ন্ত্রণের বড়ি কিনছে সরকার সদ্য. ইসরায়েলে ৪.৫ মাত্রার ভূমিকম্প, বিমানবন্দর বন্ধ ঘোষণা সদ্য. প্রধানমন্ত্রীর পুরো বাসা সৌরবিদ্যুতে চলে: বিদ্যুৎমন্ত্রী সদ্য. শ্রমিকদের অবরোধ প্রত্যাহার, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক সদ্য. উপহার বা যে নামেই হোক, ঘুস লেনদেন অবৈধ ও অনৈতিক: ইশরাক হোসেন সদ্য. বাংলাদেশ খুব ধনী দেশ নয়, মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে: শিক্ষার্থীদের রাষ্ট্রপতি সদ্য. সারাদেশের অবৈধ ইটভাটা বন্ধে হাইকোর্টের নির্দেশ সদ্য. আমাকে ব্যর্থ বললে এখনই পদত্যাগ করব, কোনো কষ্ট লাগবে না: স্বাস্থ্যমন্ত্রী সদ্য. সংরক্ষিত নারী আসনপ্রথা তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়: স্পিকার সদ্য. জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর ঋণ নয়, অনুদান প্রয়োজন: প্রধানমন্ত্রী সদ্য. ৯৬ কোটি টাকা খরচে জন্মনিয়ন্ত্রণের বড়ি কিনছে সরকার সদ্য. ইসরায়েলে ৪.৫ মাত্রার ভূমিকম্প, বিমানবন্দর বন্ধ ঘোষণা সদ্য. প্রধানমন্ত্রীর পুরো বাসা সৌরবিদ্যুতে চলে: বিদ্যুৎমন্ত্রী সদ্য. শ্রমিকদের অবরোধ প্রত্যাহার, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক সদ্য. উপহার বা যে নামেই হোক, ঘুস লেনদেন অবৈধ ও অনৈতিক: ইশরাক হোসেন