জাপানে ৫ দশমিক ৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে অন্তত ২৩ জন আহত হয়েছেন।
রোববার স্থানীয় সময় ভোরে আঘাত হানা এই ভূমিকম্পের ঝাঁকুনি অনুভূত হয়েছে দেশটির দক্ষিণ ও পূর্বাঞ্চলের পাশাপাশি রাজধানী টোকিওতেও।
জাপানের আবহাওয়া দপ্তর জানিয়েছে, ইবারাকি এলাকায় ভূপৃষ্ঠের প্রায় ৭০ কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পটির উৎপত্তিস্থল। ভূমিকম্পপ্রবণ হিসেবে পরিচিত অঞ্চলটিতে কম্পনের পরপরই মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
তবে এই ভূমিকম্পের কারণে কোনো সুনামির আশঙ্কা নেই বলে জানিয়েছে দেশটির আবহাওয়া কর্তৃপক্ষ।
ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে সাইতামা, কানাগাওয়া, চিবা ও ইবারাকি এলাকায়। এর মধ্যে সাইতামা ও কানাগাওয়ায় ৯ জন করে, চিবায় ৪ জন এবং ইবারাকিতে একজন আহত হয়েছেন।
স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন, ভোরে ভূমিকম্পের সময় বেশিরভাগ মানুষ ঘুমিয়ে ছিলেন। হঠাৎ শক্তিশালী কম্পনে ঘুম ভেঙে আতঙ্কিত হয়ে অনেকে বিছানা থেকে পড়ে যান। কেউ কেউ দরজা ও আসবাবপত্রে আঘাত পেয়েও আহত হয়েছেন।
কানাগাওয়ার ইয়োকোহামা শহরে ৮০ বছর বয়সী এক নারী বিছানা থেকে পড়ে কোমরে গুরুতর আঘাত পেয়েছেন বলে জানা গেছে।
ভূমিকম্পের প্রভাবে টোকিওসহ বিভিন্ন অঞ্চলের রেল যোগাযোগ ব্যবস্থায় বিঘ্ন ঘটে। রাজধানীর কয়েকটি এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ার খবরও পাওয়া গেছে। ক্ষতিগ্রস্ত অবকাঠামো ও বিদ্যুৎব্যবস্থা সচল করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ শুরু করেছে।
এদিকে ভূমিকম্পের ক্ষয়ক্ষতি ও পরিস্থিতি পর্যবেক্ষণে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির কার্যালয় থেকে একটি বিশেষ টাস্কফোর্স গঠন করা হয়েছে।
প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’ অঞ্চলে অবস্থানের কারণে জাপান বিশ্বের অন্যতম ভূমিকম্পপ্রবণ দেশ। দেশটিতে প্রায়ই ছোট-বড় ভূমিকম্প অনুভূত হয়।
সূত্র: এএফপি, ইন্ডিয়া টুডে
সদ্য সংবাদ/এসকে