ভারতের সেনাপ্রধান জেনারেল ধীরজ শেঠকে নেপাল সেনাবাহিনীর সম্মানসূচক জেনারেল পদমর্যাদা দেওয়া হয়েছে।
সোমবার (১৭ আগস্ট) নেপালের রাজধানী কাঠমান্ডুর শীতল নিবাসে আয়োজিত অনুষ্ঠানে দেশটির প্রেসিডেন্ট রামচন্দ্র পৌডেল তাঁকে এই সম্মাননা প্রদান করেন।
দুই প্রতিবেশী দেশের মধ্যে দীর্ঘদিনের সামরিক ঐতিহ্যের অংশ হিসেবেই ভারতের সেনাপ্রধানকে এই মর্যাদা দেওয়া হয়েছে। ১৯৫০ সাল থেকে নেপাল ও ভারত পরস্পরের সেনাপ্রধানকে সম্মানসূচক জেনারেল পদে ভূষিত করে আসছে।
চার দিনের রাষ্ট্রীয় সফরে নেপালে অবস্থান করা জেনারেল ধীরজ শেঠ এদিন নেপাল সেনাবাহিনীর প্রধান জেনারেল অশোক রাজ সিগদেলের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থের বিষয় এবং প্রতিরক্ষা ও সামরিক সহযোগিতা আরও জোরদার করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
অনুষ্ঠানে নেপালের ভাইস প্রেসিডেন্ট রাম সাহায় প্রসাদ যাদব, পররাষ্ট্রমন্ত্রী শিশির খানাল, নেপালে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত নবীন শ্রীবাস্তবসহ দুই দেশের সামরিক ও সরকারি পর্যায়ের জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ভারতীয় সেনাপ্রধানের এই সফরকে দুই দেশের দীর্ঘদিনের প্রতিরক্ষা সম্পর্কের ধারাবাহিকতার অংশ হিসেবে দেখছে নয়াদিল্লি। ভারতীয় দূতাবাস জানিয়েছে, পারস্পরিক আস্থা, অভিন্ন মূল্যবোধ এবং দুই দেশের সেনাবাহিনীর দীর্ঘদিনের যোগাযোগের ভিত্তিতে গড়ে ওঠা সম্পর্ককে আরও শক্তিশালী করার সুযোগ তৈরি হয়েছে এই সফরে।
সফরকালে জেনারেল ধীরজ শেঠ ভারতীয় দূতাবাসে রাষ্ট্রদূত নবীন শ্রীবাস্তবের সঙ্গেও বৈঠক করেন। সেখানে ভারত ও নেপালের সামগ্রিক দ্বিপক্ষীয় সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার বিষয় নিয়ে আলোচনা হয়।
এদিকে সোমবার নেপাল সেনাবাহিনীর কাছে সামরিক ও চিকিৎসা সরঞ্জাম হস্তান্তর করেন ভারতের সেনাপ্রধান। পরে নেপাল সেনা সদর দপ্তর প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন তিনি। এ সময় তিনি নেপাল সেনাবাহিনীর গার্ড অব অনার পরিদর্শন করেন।
নেপাল সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, জেনারেল ধীরজ শেঠের এই সফরের মাধ্যমে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে বিদ্যমান সহযোগিতা, পারস্পরিক আস্থা ও বন্ধুত্ব আরও দৃঢ় হবে।
সদ্য সংবাদ/এসকে