বিমান নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মন্তব্য করে আইনি জটিলতায় পড়েছেন বলিউড অভিনেত্রী নোরা ফাতেহি। তার বিরুদ্ধে ৩ কোটি রুপি ক্ষতিপূরণ দাবি করে দেওয়ানি মানহানির মামলা করেছে ‘ডিউন্স অ্যাভিয়েশন’ নামে একটি বিমান সংস্থা।
ভারতীয় সংবাদমাধ্যম পিটিআইয়ের বরাতে জানা গেছে, গুজরাটের গান্ধীনগরের একটি আদালতে মামলাটি করা হয়েছে। সংস্থাটির অভিযোগ, তাদের চার্টার্ড বিমান নিয়ে নোরার করা মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। এতে প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ন হওয়ার পাশাপাশি ব্যবসায়িক ক্ষতির মুখে পড়তে হয়েছে তাদের।
মামলার নথি অনুযায়ী, গত বছরের ডিসেম্বর মাসে মুম্বাই থেকে জয়পুর যাওয়ার সময় ডিউন্স অ্যাভিয়েশনের একটি চার্টার্ড বিমানে ভ্রমণ করেন নোরা। ওই যাত্রার সময় বিমানের ভেতরের বেশ কয়েকটি ভিডিও ধারণ করে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রকাশ করেন তিনি।
বিমানটি নিয়ে প্রকাশিত ভিডিওতে নোরা ‘মিনিয়েচার’, ‘টয়’ এবং ‘লেগো এয়ারপ্লেন’-এর মতো শব্দ ব্যবহার করেছিলেন বলে অভিযোগ করেছে প্রতিষ্ঠানটি। নোরার বিপুলসংখ্যক অনুসারী থাকায় তার মন্তব্য দ্রুত ছড়িয়ে পড়ে এবং এর প্রভাব ব্যবসায় পড়েছে বলে দাবি করেছে ডিউন্স অ্যাভিয়েশন।
বিমান সংস্থাটির আরও অভিযোগ, নোরার মন্তব্য ছিল দায়িত্বজ্ঞানহীন এবং যথাযথ তথ্য ও প্রযুক্তিগত জ্ঞান যাচাই না করেই তিনি এমন মন্তব্য করেছেন। তাদের দাবি, ওই ঘটনার পর বিমানের বুকিং প্রায় ১৫ থেকে ২০ শতাংশ কমে যায়। একই সঙ্গে বাড়তে থাকে বুকিং বাতিলের সংখ্যাও।
মামলায় ডিউন্স অ্যাভিয়েশন দাবি করেছে, নোরার মন্তব্যের কারণে তাদের ব্যবসায়িক কার্যক্রমের পাশাপাশি প্রতিষ্ঠানের দীর্ঘদিনের সুনামও ক্ষতিগ্রস্ত হয়েছে।
এদিকে, নোরার মন্তব্য নিয়ে নিজেদের অবস্থানও আদালতে তুলে ধরেছে বিমান সংস্থাটি। তাদের দাবি, অভিনেত্রী যে বিমানটিতে ভ্রমণ করেছিলেন সেটি কোনো অস্বাভাবিক আকারের ছোট বিমান নয়। নির্দিষ্ট রুট ও যাত্রীর প্রয়োজন বিবেচনায় সেটি একটি স্ট্যান্ডার্ড চার্টার্ড বিমান। বিমানটি ভারতের বেসামরিক বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএর অনুমোদিত এবং উড্ডয়নের জন্য সম্পূর্ণ উপযোগী বলেও দাবি করেছে প্রতিষ্ঠানটি।
মামলায় নোরা ফতেহীর কাছে ৩ কোটি রুপি ক্ষতিপূরণ চাওয়া হয়েছে। একই সঙ্গে বিমানটি নিয়ে করা বিতর্কিত মন্তব্যসহ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত সংশ্লিষ্ট পোস্ট ও অন্যান্য অনলাইন কনটেন্ট সরিয়ে নেওয়ার নির্দেশ চেয়েছে প্রতিষ্ঠানটি।
সদ্য সংবাদ/এসএস