ইতালির ভেনিসে বাংলাদেশি অভিনেত্রী আজমেরী হক বাঁধনকে শারীরিকভাবে হেনস্তা ও লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। নিষিদ্ধ ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের সমর্থকদের বিরুদ্ধে এ অভিযোগ করেছেন অভিনেত্রী নিজেই। ঘটনার পর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে হামলার সময় ধারণ করা দুটি ভিডিও প্রকাশ করেছেন তিনি।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) মধ্যরাতে ফেসবুক লাইভে এসে ঘটনার বিস্তারিত তুলে ধরেন বাঁধন। পরে হামলার সময় ধারণ করা ভিডিওগুলো নিজের প্রোফাইলে প্রকাশ করেন তিনি।
বাঁধনের অভিযোগ, ইতালির মেস্ত্রে শহরে অবস্থানকালে ভাই ও ভাইয়ের পরিবারের সদস্যদের নিয়ে একটি পার্কে গেলে একদল প্রবাসী বাংলাদেশি তাকে ঘিরে ধরে হেনস্তা করেন। এ সময় তার শরীরে পানি ও কোক ছুড়ে মারা হয়। একপর্যায়ে তার ওপর শারীরিকভাবে আঘাত করা হয় এবং তার ফোন ফেলে দেওয়া হয়।
প্রকাশিত ভিডিওতে কয়েকজনকে বাঁধনের উদ্দেশে বিভিন্ন স্লোগান দিতে এবং তাকে ‘জুলাই জঙ্গি’ ও ‘দেশদ্রোহী’ বলে আখ্যা দিতে শোনা যায়। এ সময় তাকে ‘জয় বাংলা’ ও ‘জয় বঙ্গবন্ধু’ বলতে চাপ দেওয়ার অভিযোগও করেছেন এই অভিনেত্রী।
ভিডিওর একটি অংশে বাঁধনকে বলতে শোনা যায়, তার সঙ্গে একটি ছোট শিশু রয়েছে। শিশুটির কথা উল্লেখ করে তিনি আক্রমণকারীদের থামার অনুরোধ করেন। তবে অভিযোগ অনুযায়ী, সেখানেও তাকে বিভিন্নভাবে উত্ত্যক্ত করা হয়।
ফেসবুক লাইভে বাঁধন বলেন, তিনি জুলাইয়ের আন্দোলনে অংশ নিয়েছেন এবং এ নিয়ে তার অবস্থান নিয়ে কারও আপত্তি থাকলেও শারীরিকভাবে হেনস্তা করার অধিকার কারও নেই। তার দাবি, হামলাকারীরা নিজেদের বঙ্গবন্ধুর সৈনিক হিসেবে পরিচয় দিচ্ছিলেন।
ঘটনার বিষয়ে বাঁধন বলেন, তার শরীরে হাত তোলার পাশাপাশি কানের পাশেও আঘাত করা হয়েছে। হামলাকারীরা ঘটনাটি ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছে বলেও অভিযোগ করেন তিনি।
পরে নিজের ফেসবুক প্রোফাইলে প্রকাশ করা দুটি ভিডিওতে শারীরিকভাবে লাঞ্ছিত করার দৃশ্য তুলে ধরেন বাঁধন। ভিডিওগুলোতে একদল ব্যক্তিকে তাকে ঘিরে উত্তেজিত অবস্থায় কথা বলতে দেখা যায়।
এদিকে, বাঁধনের ওপর হামলার অভিযোগের ঘটনায় দেশের বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের ব্যক্তিরা প্রতিবাদ জানিয়েছেন। তবে ঘটনার বিষয়ে হামলাকারীদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
জানা গেছে, রুবাইয়াত হোসেন পরিচালিত ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ সিনেমার আন্তর্জাতিক প্রদর্শনীতে অংশ নিতে ইতালির ভেনিসে গেছেন আজমেরী হক বাঁধন। সিনেমাটি ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্রতিযোগিতামূলক ‘অরিজন্তি’ বিভাগে প্রদর্শিত হয়েছে।
৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসরে সিনেমাটির ওয়ার্ল্ড প্রিমিয়ার অনুষ্ঠিত হয় সালা দারসেনা থিয়েটারে। এতে প্রধান চার নারী চরিত্রে অভিনয় করেছেন জাইনীন করিম, রিকিতা নন্দিনী শিমু, সুনেরাহ বিনতে কামাল ও আজমেরী হক বাঁধন।
সিনেমাটি পরিচালনা করেছেন রুবাইয়াত হোসেন।
সদ্য সংবাদ/এসকে