শেয়ার বিক্রির নামে ফ্ল্যাট দেওয়ার অনিয়ন্ত্রিত ব্যবসা বন্ধের দাবি রিহ্যাবের

স
সদ্য সংবাদ ডেস্ক
৮ নভেম্বর, ২০২৬ ১৭:১১:৫১
ছবি: সংগৃহীত

জমির অংশ বা শেয়ার বিক্রির মাধ্যমে নির্দিষ্ট ফ্ল্যাট বুঝিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে পরিচালিত অনিয়ন্ত্রিত আবাসন ব্যবসা বন্ধের দাবি জানিয়েছে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)। সংগঠনটির দাবি, এ ধরনের প্রকল্পে বিনিয়োগ করে বিপুলসংখ্যক মানুষ আর্থিক ও আইনি জটিলতায় পড়ছেন।

এরই মধ্যে প্রায় ৪০ হাজার ক্রেতা ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং প্রায় ১০ হাজার মামলা বিচারাধীন রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণ করা না গেলে আগামী দুই থেকে তিন বছরে প্রায় ৫০ হাজার কোটি টাকা আইনি জটিলতায় আটকে পড়ার আশঙ্কা করছে সংগঠনটি।

রোববার (৮ নভেম্বর) রাজধানীর সিরডাপ মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন রিহ্যাবের প্রেসিডেন্ট ড. আলী আফজাল।

তিনি বলেন, কিছু আবাসন ব্যবসায়ী জমির নির্দিষ্ট অংশ বা শেয়ার বিক্রি করে ক্রেতাদের ভবিষ্যতে নির্দিষ্ট আয়তনের ফ্ল্যাট দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছেন। কিন্তু অনেক প্রকল্পে জমির মালিকানা, ভবনের অনুমোদন, নির্মাণের সক্ষমতা, অর্থের ব্যবহার এবং ফ্ল্যাটের সুনির্দিষ্ট অবস্থান সম্পর্কে স্বচ্ছ তথ্য থাকে না। ফলে টাকা বিনিয়োগের পরও ক্রেতারা নির্ধারিত সময়ে ফ্ল্যাট পাওয়া কিংবা আইনগত মালিকানা নিশ্চিত করতে পারছেন না।

রিহ্যাবের প্রেসিডেন্টের ভাষ্য, শেয়ারভিত্তিক এসব প্রকল্পে অনুমোদিত নকশা অনুযায়ী ভবন নির্মাণ হচ্ছে কি না, তা নিয়েও উদ্বেগ রয়েছে। ভবনের কাঠামোগত নিরাপত্তা, নির্মাণমান ও অনুমোদিত ব্যবহারের বিষয়গুলো যাচাই করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে স্বাধীন কারিগরি পরিদর্শনের প্রয়োজন বলে মনে করেন তিনি।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ৩০ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত জমির শেয়ারভিত্তিক আবাসন প্রকল্পসংক্রান্ত ৯ হাজার ৮২৩টি মামলা বিচারাধীন থাকার তথ্য একটি অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে। এসব মামলায় প্রায় ৪০ হাজার ক্রেতা এবং ১২ হাজার কোটি টাকা সংশ্লিষ্ট বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। রিহ্যাবের মতে, এই পরিস্থিতি আবাসন খাতে কার্যকর নজরদারি ও ক্রেতাদের অধিকার রক্ষার প্রয়োজনীয়তাকে সামনে এনেছে।

সংগঠনটি বলছে, জমির শেয়ার কেনার মাধ্যমে কোনো নির্দিষ্ট ফ্ল্যাটের একক মালিকানা স্বয়ংক্রিয়ভাবে নিশ্চিত হয় না। একই জমির অংশ একাধিক ব্যক্তির কাছে বিক্রি, অনুমোদন ছাড়াই অর্থ সংগ্রহ, নির্মাণ ব্যয়ের অস্পষ্ট হিসাব এবং ফ্ল্যাট বরাদ্দ নিয়ে বিরোধের মতো অভিযোগ রয়েছে। এসব কারণে ক্রেতাদের বিনিয়োগ ঝুঁকিতে পড়ার পাশাপাশি ভবিষ্যতে জমি বা ফ্ল্যাট বিক্রি, ব্যাংকে বন্ধক এবং উত্তরাধিকার সূত্রে মালিকানা বণ্টনেও জটিলতা তৈরি হতে পারে।

রিহ্যাবের দাবি, প্রচলিত নিয়ম মেনে ব্যবসা পরিচালনাকারী ডেভেলপার প্রতিষ্ঠানগুলোকে জমির মালিকানা, প্রকল্পের অনুমোদন, নির্মাণবিধি, প্রকৌশলগত নিরাপত্তা, কর ও ভ্যাটসহ বিভিন্ন শর্ত পূরণ করতে হয়। অথচ কিছু শেয়ারভিত্তিক প্রকল্পে এসব নিয়ম যথাযথভাবে মানা হচ্ছে কি না, তা নিয়ে প্রশ্ন রয়েছে। এতে বৈধভাবে ব্যবসা পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলো অসম প্রতিযোগিতার মুখে পড়ছে।

এ পরিস্থিতি মোকাবিলায় ছয় দফা দাবি তুলে ধরেছে রিহ্যাব। দাবিগুলোর মধ্যে রয়েছে—শেয়ার বিক্রি করে নির্দিষ্ট ফ্ল্যাট দেওয়ার প্রতিশ্রুতিনির্ভর অনিয়ন্ত্রিত ব্যবসায়িক মডেল বন্ধ করা, প্রকল্পের জমির মালিকানা ও নির্মাণের অনুমোদন নিশ্চিত না করে অর্থ সংগ্রহে নিষেধাজ্ঞা, শেয়ারভিত্তিক প্রকল্পের ভবনগুলোতে স্বাধীন কারিগরি ও আইনগত নিরীক্ষা এবং প্রতারণা বা অর্থ আত্মসাতের অভিযোগ তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া।

এ ছাড়া প্রকল্পের অর্থ সংগ্রহ ও ব্যয়ের স্বচ্ছ হিসাব, সরকারি রাজস্ব পরিশোধ এবং যোগ্য স্থপতি ও প্রকৌশলীদের মাধ্যমে নির্মাণকাজের মান ও নিরাপত্তা নিশ্চিত করারও দাবি জানিয়েছে সংগঠনটি।

ড. আলী আফজাল বলেন, বৈধ যৌথ মালিকানা বা স্বচ্ছ বিনিয়োগ ব্যবস্থার বিরোধিতা করছে না রিহ্যাব। তবে জমির অংশীদারত্বের নামে এমন কোনো কার্যক্রম চলতে পারে না, যেখানে বিনিয়োগের বিপরীতে ফ্ল্যাটের অধিকার, বৈধ মালিকানা ও হস্তান্তরের নিশ্চয়তা থাকে না। বিষয়টি আবাসন খাতের পাশাপাশি সাধারণ মানুষের সঞ্চয়, সরকারি রাজস্ব এবং দেশের বিনিয়োগ পরিবেশের সঙ্গেও জড়িত।

সংবাদ সম্মেলন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন রিহ্যাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুর রাজ্জাক। তিনি অভিযোগ করেন, বাণিজ্য মন্ত্রণালয়ের তদন্ত কার্যক্রমের কারণে প্রায় তিন মাস ধরে সংগঠনটির স্বাভাবিক কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে। তদন্তের প্রতি পূর্ণ সহযোগিতা থাকলেও এর অজুহাতে নেতৃত্ব, প্রশাসনিক কার্যক্রম ও সাংগঠনিক সিদ্ধান্ত দীর্ঘদিন অনিশ্চিত রাখা যুক্তিসংগত নয় বলে মন্তব্য করেন তিনি।

আব্দুর রাজ্জাক বলেন, তদন্ত চলতে পারে, তবে সে কারণে সংগঠনের নিয়মিত কার্যক্রম বন্ধ বা বাধাগ্রস্ত থাকা উচিত নয়। বাণিজ্য মন্ত্রণালয়ের কাছে এ অনিশ্চয়তা নিরসনে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।

সংবাদ সম্মেলনে রিহ্যাবের সিনিয়র ও অন্যান্য ভাইস প্রেসিডেন্ট, পরিচালক, প্রেস অ্যান্ড মিডিয়া কমিটির সদস্য এবং সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

​​​​​​​সদ্য সংবাদ/এসএস​

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. প্রশিক্ষণের জন্য পাকিস্তান গেলেন বাংলাদেশের ৩৪ সরকারি কর্মকর্তা সদ্য. সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ সদ্য. বাংলাদেশের ২৯তম পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী সদ্য. সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জারি করল মাউশি সদ্য. ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নতুন কমিটি গঠন সদ্য. শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি, এখানে আবেগের স্থান নেই: আইনমন্ত্রী সদ্য. আজ ৭ নভেম্বর, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস সদ্য. উত্তর যুবদলের নতুন আহ্বায়ক মিজানুর রহমান রাজ, সদস্য সচিব মিলন সদ্য. ২০২৮ সালের কারিকুলামে ‘শিখনফলভিত্তিক’ শিক্ষাব্যবস্থা গড়ে তোলার লক্ষ্য সরকারের: ববি হাজ্জাজ সদ্য. নতুন বেতন গ্রেডের জটিলতা নিরসনে ছয় মন্ত্রীকে নিয়ে কমিটি গঠন সদ্য. প্রশিক্ষণের জন্য পাকিস্তান গেলেন বাংলাদেশের ৩৪ সরকারি কর্মকর্তা সদ্য. সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ সদ্য. বাংলাদেশের ২৯তম পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী সদ্য. সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জারি করল মাউশি সদ্য. ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নতুন কমিটি গঠন সদ্য. শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি, এখানে আবেগের স্থান নেই: আইনমন্ত্রী সদ্য. আজ ৭ নভেম্বর, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস সদ্য. উত্তর যুবদলের নতুন আহ্বায়ক মিজানুর রহমান রাজ, সদস্য সচিব মিলন সদ্য. ২০২৮ সালের কারিকুলামে ‘শিখনফলভিত্তিক’ শিক্ষাব্যবস্থা গড়ে তোলার লক্ষ্য সরকারের: ববি হাজ্জাজ সদ্য. নতুন বেতন গ্রেডের জটিলতা নিরসনে ছয় মন্ত্রীকে নিয়ে কমিটি গঠন