শেরপুরে পারিবারিক জমি নিয়ে বিরোধের জেরে প্রাণ হারিয়েছেন মো. জিন্নাত আলী (৬৫) নামে এক ব্যক্তি। এ ঘটনায় তার আপন ভাতিজাদের বিরুদ্ধে হামলার অভিযোগ উঠেছে। হত্যাকাণ্ডের পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে অভিযুক্তদের বাড়িঘরে হামলা ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটে।
রোববার (৮ নভেম্বর) বিকেলে শেরপুর সদর উপজেলার লছমনপুর ইউনিয়নের কুসুমহাটি কাজিরচর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জমি নিয়ে জিন্নাত আলীর সঙ্গে তার স্বজনদের বিরোধ চলছিল। এরই ধারাবাহিকতায় বিকেলে তার ওপর হামলা চালান আপন ভাতিজা জসিম, মাজহার ও নজরুলসহ আরও কয়েকজন। এ সময় তাকে মারধরের পাশাপাশি দেশীয় অস্ত্র দিয়েও আঘাত করা হয়। হামলায় গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মাটিতে পড়ে যান তিনি।
পরে স্বজন ও স্থানীয়রা তাকে উদ্ধার করে শেরপুর জেলা সদর হাসপাতালে নিয়ে যান। তবে চিকিৎসাধীন অবস্থায় নয়, হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক আনুমানিক সন্ধ্যা ৬টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে জিন্নাত আলীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা দেখা দেয়। অভিযোগ উঠেছে, নিহতের পক্ষের লোকজন অভিযুক্তদের বাড়িঘরে হামলা চালিয়ে আগুন ধরিয়ে দেন। পরিস্থিতি আরও অবনতির আশঙ্কায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন চন্দ্র ঘোষ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ কাজ করছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।
সদ্য সংবাদ/এসএস