ঢাকার সাভারে চোরাই মালামাল কেনাবেচার সঙ্গে জড়িত একটি চক্রের তিন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর)। এ সময় তাঁদের কাছ থেকে চারটি অটোরিকশার ব্যাটারি ও বিদ্যুতের ট্রান্সফরমারের ১০ কেজি তামার তার উদ্ধার করা হয়েছে।
গত ১ নভেম্বর রাত ৭টা ৪০ মিনিটে সাভার মডেল থানার হরিনধরা এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীনের সার্বিক দিকনির্দেশনায় ডিবি-উত্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে উপপরিদর্শক (এসআই) মনির হোসেন সঙ্গীয় ফোর্সসহ অংশ নেন।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ঢাকার কেরানীগঞ্জের বালুরচরের সুজন (৩৫), ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের মমিন (৩৫) এবং ভোলা সদর উপজেলার চর জংলার সবুজ (৩৭)। তাঁদের মধ্যে মমিন ও সবুজ সাভারের হেমায়েতপুর এলাকায় বসবাস করতেন।
পুলিশ জানায়, অভিযানে গ্রেপ্তার ব্যক্তিদের হেফাজত থেকে চারটি অটোরিকশার ব্যাটারি উদ্ধার করা হয়। এসব ব্যাটারির আনুমানিক মূল্য ৪৮ হাজার টাকা। এ ছাড়া ২০ হাজার টাকা মূল্যের বিদ্যুতের ট্রান্সফরমারের ১০ কেজি তামার তার উদ্ধার করা হয়েছে।
প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, গ্রেপ্তার সুজনের বিরুদ্ধে দস্যুতার দুটি ও মাদকদ্রব্য-সংক্রান্ত একটি মামলাসহ মোট তিনটি মামলা রয়েছে। অন্যদিকে মমিনের বিরুদ্ধে একটি দস্যুতার মামলা রয়েছে।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সাভার মডেল থানায় পেনাল কোডের ৪১৩ ধারায় মামলা করা হয়েছে। ২ নভেম্বর এফআইআর নম্বর ০৪ হিসেবে মামলাটি নথিভুক্ত করে তাঁদের আদালতে পাঠানো হয়েছে।
সদ্য সংবাদ/ এরআর