বন্ধুদের সঙ্গে ঘুরতে এসে যমুনা নদীতে গোসল করতে নেমে প্রাণ হারিয়েছেন জিসান আহমেদ (২৩) নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী। সিরাজগঞ্জের এনায়েতপুরে নদীতে তলিয়ে যাওয়ার প্রায় ১৯ ঘণ্টা পর সোমবার সকালে তাঁর মরদেহ উদ্ধার করেন রাজশাহী থেকে আসা ডুবুরি দলের সদস্যরা।
সোমবার (২৬ অক্টোবর) সকালে এনায়েতপুর স্পার বাঁধের দক্ষিণ পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
জিসান নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার সাহেবপাড়া এলাকার আকবার আলীর ছেলে। তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত গাজীপুরের একটি শিক্ষাপ্রতিষ্ঠানে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি বিভাগের প্রথম বর্ষের দ্বিতীয় সেমিস্টারে পড়াশোনা করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার (২৫ অক্টোবর) ঢাকার বাসিন্দা চার বন্ধু সিরাজগঞ্জের এনায়েতপুরে বেড়াতে যান। সেখানে গোলামের হোটেলে খাবার খেতে এসে তাঁরা যমুনা নদীতে গোসল করতে নামেন। একপর্যায়ে জিসান পানিতে তলিয়ে যান। তাঁকে উদ্ধার করতে তাঁর বন্ধুরা ও স্থানীয় জেলেরা চেষ্টা চালালেও সফল হননি।
ঘটনার খবর পেয়ে এনায়েতপুর থানা পুলিশ এবং বেলকুচি ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধারকাজ শুরু করেন। দিনভর অভিযান চালিয়েও তাঁর সন্ধান পাওয়া যায়নি। পরে রাজশাহী থেকে ডুবুরি দল এসে সোমবার সকালে নদীতে তল্লাশি চালিয়ে জিসানের মরদেহ উদ্ধার করে।
এ ঘটনায় অপমৃত্যুর মামলা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। মরদেহ বুঝে নিতে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছেছেন। নিহতের চাচা জাহিদ আহম্মেদ শিমুল জানান, তাঁরা সেখানে এসে মরদেহ গ্রহণের আনুষ্ঠানিকতা সম্পন্ন করছেন।
এদিকে, শিক্ষার্থীর নিখোঁজ হওয়ার খবর পেয়ে রোববার রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন সিরাজগঞ্জের পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু।
বন্ধুদের সঙ্গে ভ্রমণে গিয়ে জিসানের এমন মৃত্যুতে তাঁর পরিবার, স্বজন ও পরিচিতজনদের মধ্যে শোকের আবহ তৈরি হয়েছে।
সদ্য সংবাদ/এসএস