চীনে অনুষ্ঠিত আন্তর্জাতিক কোল্ড চেইন এক্সপো RACC China 2026-এ বাংলাদেশের ১২ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন ঠাকুরগাঁওয়ের ব্যবসায়ী নেতা গোলাম সারোয়ার রবিন। এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রিত হয়ে ফিতা কাটার আনুষ্ঠানিকতায় অংশ নেন তিনি।
আয়োজক কর্তৃপক্ষের আমন্ত্রণে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের ১২ সদস্যের প্রতিনিধি দল অংশ নেয়। দলটির নেতৃত্বে রয়েছেন সংগঠনটির পরিচালক গোলাম সারোয়ার রবিন। তিনি ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সদস্য। পাশাপাশি তিনি ঠাকুরগাঁও চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করছেন।
আন্তর্জাতিক এ প্রদর্শনীতে রবিনের অংশগ্রহণ ঠাকুরগাঁওয়ের ব্যবসায়ী মহলেও গুরুত্ব বহন করছে। সংশ্লিষ্টদের মতে, কোল্ড চেইন প্রযুক্তি, হিমাগার ব্যবস্থাপনা এবং কৃষিপণ্য সংরক্ষণব্যবস্থার আধুনিকায়নে আন্তর্জাতিক অভিজ্ঞতা অর্জনের সুযোগ তৈরি করে এ ধরনের আয়োজন।
প্রতিনিধি দলে রবিনের সঙ্গে রয়েছেন বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের সদস্য ও ঠাকুরগাঁও চেম্বারের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জাহাঙ্গীর আলম খোকন, রাজশাহী চেম্বারের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট শামসুর রহমান শান্তন, রাহাবার হিমাগার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক গণি সুলতান হাসান ইমরোজ, এসবি এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালক রিয়াজুল ইসলাম সুমন ও নুরুল ইসলাম স্বপন এবং ঠাকুরগাঁও চেম্বারের পরিচালক মনোয়ার হোসেন কামাল। এ ছাড়া অ্যাসোসিয়েশনের অন্যান্য সদস্যও প্রতিনিধি দলে রয়েছেন।
সংশ্লিষ্ট খাতের ব্যবসায়ীদের ভাষ্য, এ ধরনের আন্তর্জাতিক প্রদর্শনীতে অংশ নেওয়ার মধ্য দিয়ে কোল্ড চেইন প্রযুক্তির আধুনিক পদ্ধতি, কৃষিপণ্য সংরক্ষণের নতুন কৌশল এবং ব্যবসায়িক অভিজ্ঞতা সম্পর্কে জানার সুযোগ পাওয়া যায়। একই সঙ্গে বিভিন্ন দেশের ব্যবসায়ী ও উদ্যোক্তাদের সঙ্গে যোগাযোগ গড়ে তোলা এবং ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতার ক্ষেত্র প্রসারের সম্ভাবনাও তৈরি হয়।
বাংলাদেশের কোল্ড স্টোরেজ খাতের প্রতিনিধিত্বকারী দলটির এ অংশগ্রহণ দেশের কৃষিপণ্য সংরক্ষণব্যবস্থা ও সংশ্লিষ্ট ব্যবসায়িক খাতে আন্তর্জাতিক অভিজ্ঞতা বিনিময়ে ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
সদ্য সংবাদ/এআর