ঢাকা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি-উত্তর) বিশেষ অভিযানে ১৩০ পিস ইয়াবাসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
গত ৮ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সাভার মডেল থানার সিন্ধুরিয়া এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। ডিবি-উত্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলামের নেতৃত্বে উপপরিদর্শক (নিরস্ত্র) মো. শাহাদাৎ হোসেন সঙ্গীয় ফোর্সসহ এ অভিযান পরিচালনা করেন।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. গিয়াস উদ্দিন (৩২) ও মো. নজরুল ইসলাম (৩৫)। গিয়াস উদ্দিন ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানার কালতা, দিঘিরপাড় এলাকার মো. মনু মিয়ার ছেলে। বর্তমানে তিনি সাভার মডেল থানার বক্তারপুর বেদেপাড়া এলাকায় বসবাস করেন। অন্যদিকে, নজরুল ইসলাম ঢাকার ধামরাই থানার সোমবাগ ইউনিয়নের ফুকুটিয়া এলাকার মৃত নিয়ামত আলীর ছেলে।
পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে ১৩ গ্রাম ওজনের ১৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৩৯ হাজার টাকা।
পুলিশের তথ্যমতে, গিয়াস উদ্দিনের বিরুদ্ধে আগে থেকেই চারটি মাদক মামলা রয়েছে। অন্যদিকে, নজরুল ইসলামের বিরুদ্ধে রয়েছে একটি মামলা।
এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাঁদের আদালতে পাঠানো হয়।
সদ্য সংবাদ/ এআর