শরীয়তপুর জেলা পুলিশের মাসিক পর্যালোচনা সভায় জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে নির্বাচিত হয়েছেন গোসাইরহাট থানার মোহাম্মদ বোরহান উদ্দিন।
মঙ্গলবার সকালে শরীয়তপুর পুলিশ লাইন্সের কনফারেন্স রুমে জেলা পুলিশের মাসিক কল্যাণ, প্রশাসনিক ও অপরাধ পর্যালোচনা সভায় তার হাতে এ সম্মাননা তুলে দেওয়া হয়।
জেলা পুলিশ জানিয়েছে, গোসাইরহাট থানায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, মাদকবিরোধী কার্যক্রম পরিচালনা এবং বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনার ক্ষেত্রে দায়িত্ব পালনের স্বীকৃতি হিসেবে বোরহান উদ্দিনকে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত করা হয়েছে।
এ ছাড়া মামলা গ্রহণ ও তদন্ত কার্যক্রম, আসামিদের আদালতে পাঠানো, অপরাধীদের বিষয়ে তথ্য সংগ্রহ, প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ এবং আলোচিত মামলার রহস্য উদঘাটনে ভূমিকার বিষয়টিও মূল্যায়নে বিবেচনা করা হয় বলে জানিয়েছে পুলিশ।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুরের পুলিশ সুপার রওনক জাহান (পিপিএম-সেবা)। তিনি বোরহান উদ্দিনের হাতে শ্রেষ্ঠ ওসির সম্মাননা স্মারক তুলে দেন।
পুলিশ সুপার বলেন, আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি সাধারণ মানুষকে কাঙ্ক্ষিত সেবা দেওয়াও পুলিশের অন্যতম দায়িত্ব। মানুষের প্রত্যাশা পূরণে পুলিশ সদস্যদের আরও দায়িত্বশীল ও আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
সভায় অতিরিক্ত পুলিশ সুপার (গোসাইরহাট সার্কেল) তানভীর হাসানসহ জেলার বিভিন্ন থানার ওসি, ফাঁড়ি ও ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সদ্য সংবাদ/এসএস