কুমিল্লার মেঘনা উপজেলায় রাজনৈতিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ভোরে উপজেলার চালিভাঙ্গা ইউনিয়নের নলচর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, চালিভাঙ্গা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক রবিউল্লাহ রবি সরকার ও বিএনপি নেতা আব্দুল বারেকের পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে রাজনৈতিক প্রভাব বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার ভোরে দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন।
স্থানীয় সূত্রের ভাষ্য, প্রথমে বারেকের পক্ষের লোকজন রবি সরকারের অনুসারীদের ওপর হামলা চালান। পরে প্রতিপক্ষের লোকজনও পাল্টা আক্রমণে গেলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপসহ সংঘর্ষ শুরু হয়।
সংঘর্ষে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হন। আহতদের মধ্যে কয়েকজনকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে।
মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করে জানান, নলচর গ্রামে রবিউল্লাহ রবি ও বারেক প্রধানের পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। দুই পক্ষই পরস্পরের দিকে ইট-পাথর নিক্ষেপ করেছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে বলে জানান ওসি।
সদ্য সংবাদ/এসএস