ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা এসব পণ্যের আনুমানিক মূল্য ৬১ লাখ ২৪ হাজার ৮০ টাকা।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) একাধিক টহল দল এসব অভিযান পরিচালনা করে। বিজিবি জানায়, আগাম গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্তের বিভিন্ন পয়েন্টে অভিযানগুলো চালানো হয়।
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মঈনপুর, চন্ডিদার, খাদলা ও মাদলা বিওপি এলাকার পাশাপাশি কুমিল্লার ব্রাহ্মণপাড়া ও বুড়িচং উপজেলার সালদানদী, শশীদল এবং শংকুচাইল বিওপি এলাকায় এসব অভিযান পরিচালিত হয়।
অভিযানে ভারতীয় বাসমতি চাল, রেডবুল এনার্জি ড্রিংকস, অলিভ অয়েল, নবরত্ন তেল, ফুসকা, শাড়ি, চকলেট ও ঝান্ডুবামসহ বিভিন্ন পণ্য উদ্ধার করা হয়। এর সঙ্গে গরু, মদ ও সিএনজি এবং বাংলাদেশি রসুনও জব্দ করা হয়েছে।
সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম, এএসসির দিকনির্দেশনায় সীমান্তের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয় বলে জানিয়েছে বিজিবি।
সীমান্তে চোরাচালান বন্ধের পাশাপাশি মাদক পাচার, নারী ও শিশু পাচার এবং পুশ-ইন প্রতিরোধে নিয়মিত অভিযান ও গোয়েন্দা নজরদারি অব্যাহত রাখার কথা জানিয়েছে সীমান্তরক্ষী বাহিনী।
সদ্য সংবাদ/এসএস