নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় কমিটির সদস্য ও ঠাকুরগাঁও জেলা শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক উসমান গানীকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের বাংলা বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
উসমান গানী আটোয়ারী উপজেলার বারো আউলিয়া ইউনিয়নের প্রেসিডেন্টপাড়া এলাকার জয়ন উদ্দিনের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, উসমান গানী ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য এবং ঠাকুরগাঁও জেলা শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক। সন্ত্রাসী কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে তার বিরুদ্ধে একটি মামলা রয়েছে।
আটোয়ারী থানা পুলিশ জানায়, ওই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে আটোয়ারী থানায় নেওয়া হয়।
পুলিশ জানিয়েছে, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে উসমান গানীকে আদালতে সোপর্দ করা হবে।
আটোয়ারী থানার কর্মকর্তা (ওসি) মো. মতিয়ার রহমান বলেন, সন্ত্রাসবিরোধী আইনের মামলায় উসমান গানীকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সদ্য সংবাদ/ এআর