বরিশাল নগরীতে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের ব্যানারে মিছিলের ঘটনায় সাতজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১১ সেপ্টেম্বর) জুমার নামাজের পর কবি জীবনানন্দ দাশ স্টেডিয়ামের সামনে থেকে মিছিলটি বের করা হয়। পরে মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
‘দেশ বাঁচাতে প্রয়োজন শেখ হাসিনার প্রত্যাবর্তন’ লেখা ব্যানার নিয়ে মিছিলকারীরা সড়কে অবস্থান নেন। ছড়িয়ে পড়া ভিডিওতে তাঁদের ‘হৈ হৈ রৈ রৈ, বিএনপিরা গেলি কই’ এবং ‘ঘরে ঘরে বলে দে, শেখ হাসিনা আসতেছে’সহ বিভিন্ন রাজনৈতিক স্লোগান দিতে শোনা যায়। মিছিলে অংশ নেওয়া কয়েকজনের মুখে মাস্ক এবং মাথায় হেলমেট ছিল।
প্রত্যক্ষদর্শী ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও অনুযায়ী, মিছিলকারীরা সংগঠিতভাবে সড়কে অবস্থান করে বিভিন্ন স্লোগান দেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় পুলিশ। সেখান থেকে পাঁচজনকে আটক করা হয়। পরে অভিযান চালিয়ে আরও দুজনকে আটক করা হয়।
আটক ব্যক্তিদের রাজনৈতিক পরিচয়, মিছিলের সঙ্গে তাঁদের সম্পৃক্ততা এবং ঘটনার সময় তাঁদের ভূমিকা যাচাই করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
মিছিলে ব্যবহৃত ব্যানারে শেখ হাসিনার পাশাপাশি বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান খান নিখিলের ছবি ছিল। মিছিলটি ১৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রাজিব হোসেন খানের নির্দেশে হয়েছে বলে জানা গেছে।
পুলিশ জানিয়েছে, নিষিদ্ধ সংগঠনের যেকোনো কার্যক্রম এবং আইনশৃঙ্খলা বিঘ্নিত করতে পারে এমন কর্মসূচির বিরুদ্ধে তারা কঠোর অবস্থানে রয়েছে। আটক ব্যক্তিদের বিষয়ে প্রাথমিক যাচাই শেষে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
বরিশাল মহানগরীর কোতোয়ালী মডেল থানার ওসি আল মামুন উল ইসলাম বলেন, মিছিলের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পাঁচজনকে আটক করে। পরে অভিযান চালিয়ে আরও দুজনকে আটক করা হয়েছে। তাঁদের সংশ্লিষ্টতা যাচাই করা হচ্ছে। যাচাই শেষে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
সদ্য সংবাদ/ এআর