নারায়ণগঞ্জে সদর নৌ থানার এক উপপরিদর্শকের (এসআই) অস্বাভাবিক আচরণের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তাকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। অভিযুক্ত কর্মকর্তার নাম আব্দুল মান্নান।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) গভীর রাতে শহরের শীতলক্ষ্যা নদীর পূর্ব তীরে সদর নৌ থানার পাশের সেন্ট্রাল খেয়াঘাট এলাকায় ঘটনাটি ঘটে।
সদর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান শনিবার (৫ সেপ্টেম্বর) আব্দুল মান্নানের পুলিশে এসআই হিসেবে কর্মরত থাকার বিষয়টি নিশ্চিত করেছেন।
ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, আব্দুল মান্নানকে খেয়াঘাট এলাকায় বসে গান গাইতে, নাচতে এবং একপর্যায়ে কান্নাকাটি করতে। তার কথাবার্তাও ছিল অসংলগ্ন। বিষয়টি নজরে আসার পর আশপাশের লোকজন সেখানে ভিড় করেন।
ভিডিওতে থাকা কথোপকথনে ওই পুলিশ কর্মকর্তা দাবি করেন, পারিবারিক বিরোধের জেরে তার স্ত্রী তাকে মারধর করেছেন। এরপর তিনি মদ পান করেছেন বলেও জানান।
তবে পুলিশের পক্ষ থেকে ভিন্ন ব্যাখ্যা দেওয়া হয়েছে। সদর নৌ থানার ওসি রকিবুজ্জামান জানান, পারিবারিক বিষয়কে কেন্দ্র করে আব্দুল মান্নান মানসিক সমস্যায় ভুগছেন বলে পরিবার জানিয়েছে। এ সংক্রান্ত চিকিৎসার কাগজপত্রও পরিবারের কাছ থেকে নেওয়া হয়েছে।
ওসি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ছড়িয়ে পড়ার বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করা হয়। পরে আব্দুল মান্নানকে কর্মস্থল থেকে প্রত্যাহার করা হয়েছে।
ঘটনাটি নিয়ে পুলিশের পক্ষ থেকে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছেন সদর নৌ থানার ওসি।
সদ্য সংবাদ/এসএস