ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মাদক কারবারি শাহ পরানের মাদক বহনকারী একটি গাড়ি ছেড়ে দেওয়ার অভিযোগে শিবপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই জিয়াউদ্দিন ও সহকারী ইনচার্জ ধীমান বড়ুয়াকে প্রত্যাহার করা হয়েছে।
বুধবার রাতে তাদের প্রত্যাহার করা হয়।
জানা যায়, গত ৩০ আগস্ট রবিবার রাতে চিহ্নিত মাদক কারবারি শাহ পরানের একটি গাড়িতে মাদক বহনের অভিযোগ ছিল। তবে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটকের পর রহস্যজনকভাবে গাড়িটি ছেড়ে দেওয়া হয়। বিষয়টি জানাজানি হলে বিভিন্ন মহলে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়।
অভিযোগের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসার পর তদন্তের স্বার্থে শিবপুর ফাঁড়ির ইনচার্জ ও সহকারী ইনচার্জকে বুধবার রাতে প্রত্যাহার করা হয়।
এ বিষয়ে শিবপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ জিয়াউদ্দিন জানান, মাদকের বিষয়ে নয়, একজন আসামির বিষয়ে প্রত্যাহার করা হয়েছে বলে স্বীকার করেন।
নবীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পিয়াস বসাক জানান, শিবপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ও সহকারী ইনচার্জকে প্রত্যাহার করা হয়েছে। কেন করা হয়েছে এ বিষয়ে অবগত নন।
সদ্য সংবাদ/এসকে