ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ভয়াবহ যানজটের সৃষ্টি হয়েছে। কুমিল্লার চান্দিনা থেকে নারায়ণগঞ্জের আষাড়িয়ারচর ব্রিজ পর্যন্ত ঢাকামুখী প্রায় ৫০ কিলোমিটার এলাকায় যানবাহনের দীর্ঘ সারি দেখা দিয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন দূরপাল্লার যাত্রী ও চালকেরা।
শুক্রবার (২৮ আগস্ট) দুপুর থেকে শুরু হওয়া এ যানজট শনিবার সকালেও কাটেনি। মহাসড়কের গুরুত্বপূর্ণ একটি সেতুতে সংস্কারকাজ চলায় এক লেন বন্ধ রেখে যানবাহন চলাচল করানোর কারণে পরিস্থিতির অবনতি হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
সড়ক বিভাগ সূত্রে জানা গেছে, আষাড়িয়ারচর ব্রিজের ঢাকামুখী অংশে সড়কে বড় গর্ত তৈরি হয়। গর্তটি ক্রমেই বড় হওয়ায় দুর্ঘটনার ঝুঁকি তৈরি হয়েছিল। এ অবস্থায় শুক্রবার বেলা ১১টার দিকে জরুরি সংস্কারকাজ শুরু করে সড়ক বিভাগ।
কাজ চলার সময় মহাসড়কের দুই লেনের একটি বন্ধ করে অপর লেন দিয়ে উভয়মুখী যানবাহন পারাপারের ব্যবস্থা করা হয়। এতে স্বাভাবিক গতিতে যান চলাচল করতে না পারায় ধীরে ধীরে গাড়ির চাপ বাড়তে থাকে। পরে তা দীর্ঘ যানজটে রূপ নেয়।
শনিবার সকালে যানবাহনের চাপ আরও বেড়ে গেলে পরিস্থিতি জটিল হয়ে পড়ে। এক লেন দিয়ে বিপুলসংখ্যক গাড়ি পারাপার করতে গিয়ে যানজট কুমিল্লার চান্দিনা পর্যন্ত ছড়িয়ে পড়ে।
দীর্ঘ সময় সড়কে আটকে থাকায় ভোগান্তিতে পড়েছেন বিদেশগামী যাত্রীরাও। অনেককে নির্ধারিত সময়ের মধ্যে গন্তব্যে পৌঁছানো নিয়ে উদ্বেগে থাকতে দেখা গেছে।
স্টার লাইন পরিবহনের চালক ইয়াহিয়া বলেন, শুক্রবার মধ্যরাত থেকে তারা যানজটে আটকে আছেন। দীর্ঘ সময় একই অবস্থায় থাকায় যাত্রীদের দুর্ভোগ চরমে পৌঁছেছে।
সেন্টমার্টিন পরিবহনের চালক হুমায়ুন আজাদ জানান, চান্দিনা থেকে নারায়ণগঞ্জ পর্যন্ত প্রায় ৫০ কিলোমিটার এলাকায় যানজট তৈরি হয়েছে। প্রায় আট ঘণ্টা ধরে তিনি যানজটে আটকে রয়েছেন।
টোলপ্লাজায় আটকে থাকা এক বাসযাত্রী মাহাবুব বলেন, ঘণ্টার পর ঘণ্টা পার হলেও যানবাহন খুব সামান্যই এগোচ্ছে। দীর্ঘ সময় ধরে একই জায়গায় আটকে থাকলেও যানজটের সঠিক কারণ সম্পর্কে অনেক যাত্রী জানেন না।
দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রেম দাস রায় বলেন, দাউদকান্দি থেকে মেঘনা টোলপ্লাজা পর্যন্ত যানজটের অন্যতম কারণ আষাড়িয়ারচর ব্রিজ এলাকায় চলমান সংস্কারকাজ। একটি লেন বন্ধ থাকায় মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। যানজট কমাতে হাইওয়ে পুলিশ কাজ করছে।
কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সফিউল ইসলাম জানান, আষাড়িয়ারচর এলাকায় সড়ক বিভাগের জরুরি সংস্কারকাজ চলছে। দুই লেনের একটি বন্ধ থাকায় অপর লেন দিয়ে পর্যায়ক্রমে যানবাহন পারাপার করা হচ্ছে। এ কারণেই দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।
যান চলাচল স্বাভাবিক করতে হাইওয়ে পুলিশের একাধিক দল মহাসড়কে দায়িত্ব পালন করছে বলেও জানান তিনি।
সদ্য সংবাদ/এসকে