রাজধানীর ব্যস্ত সড়কে প্রতিদিনই বাড়ছে যানবাহনের চাপ। সেই সঙ্গে বাড়ছে সড়ক দুর্ঘটনার ঝুঁকিও। এমন পরিস্থিতিতে পথচারীদের ট্রাফিক আইন মেনে চলা এবং নিরাপদে সড়ক পারাপারে সচেতন করতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন চাঁদপুরের আলামিন, যিনি পরিচিত ‘গোল্ডেন বয়’ নামে।
হাতে হ্যান্ডমাইক নিয়ে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সিগন্যালে দাঁড়িয়ে পথচারীদের সতর্ক করছেন তিনি। সিগন্যাল না মেনে ঝুঁকি নিয়ে রাস্তা পার না হয়ে নির্ধারিত জেব্রা ক্রসিং ব্যবহারের আহ্বান জানাচ্ছেন আলামিন।
ব্যস্ত সড়কে যানবাহনের চলাচলের মধ্যেই পথচারীদের থামিয়ে তিনি মনে করিয়ে দিচ্ছেন সামান্য অসতর্কতাও ডেকে আনতে পারে বড় দুর্ঘটনা। তাই সিগন্যাল মেনে চলার পাশাপাশি নির্ধারিত স্থান ব্যবহার করে সড়ক পার হওয়ার পরামর্শ তাঁর।
মানুষের পাশে দাঁড়ানোর এই উদ্যোগ অবশ্য নতুন নয় আলামিনের। ছোটবেলা থেকেই সাধারণ মানুষের জন্য কিছু করার ইচ্ছা ছিল তাঁর। সেই ভাবনা থেকেই গড়ে তুলেছেন ‘নবজাগরণ গোল্ডেন ফাউন্ডেশন’।
চাঁদপুর সদর থেকে শুরু হওয়া তাঁর সামাজিক কর্মকাণ্ড এখন রাজধানী ঢাকাতেও বিস্তৃত হয়েছে। ঢাকার বিভিন্ন ব্যস্ত সড়ক ও গুরুত্বপূর্ণ ট্রাফিক সিগন্যালে দাঁড়িয়ে নিয়মিত পথচারীদের সড়ক নিরাপত্তা নিয়ে সচেতন করছেন তিনি।
আলামিনের সচেতনতামূলক বার্তায় গুরুত্ব পাচ্ছে কয়েকটি বিষয় ট্রাফিক সিগন্যাল মেনে চলা, নির্ধারিত জেব্রা ক্রসিং ব্যবহার এবং সিগন্যাল চলাকালে ঝুঁকি নিয়ে সড়কে না নামা।
তবে শুধু মাইকে ঘোষণা দিয়েই দায়িত্ব শেষ করেন না তিনি। অনেক সময় পথচারীদের জেব্রা ক্রসিং পর্যন্ত নিয়ে গিয়ে নিরাপদে রাস্তা পার হওয়ার নিয়মও বুঝিয়ে দেন। তাঁর এই উদ্যোগে কেউ কেউ থেমে গিয়ে কথা শুনছেন, আবার অনেকে তাঁর পরামর্শ মেনে সড়ক পার হচ্ছেন।
সম্প্রতি রাজধানীর কারওয়ান বাজার সিগন্যালে দেখা যায় আলামিনের এমন ব্যতিক্রমী কার্যক্রম। মাথায় টুপি, পরনে পোশাক ও পায়ে জুতা—সবকিছুতেই স্বর্ণালি রঙের ছাপ। সঙ্গে হাতে হ্যান্ডমাইক। ব্যস্ত সড়কের পাশে দাঁড়িয়ে পথচারীদের উদ্দেশে দিয়ে যাচ্ছেন নিরাপদ সড়কের বার্তা।
স্বর্ণালি সাজের পাশাপাশি মানুষের জন্য কাজ করার এই ব্যতিক্রমী উদ্যোগের কারণেই পথচারীদের কাছে তিনি পরিচিতি পেয়েছেন ‘গোল্ডেন বয়’ হিসেবে।
কারওয়ান বাজার সিগন্যালে দাঁড়িয়ে তাঁর আহ্বান ছিল স্পষ্ট সিগন্যাল মেনে চলুন, জেব্রা ক্রসিং ব্যবহার করুন এবং নিরাপদে সড়ক পার হোন।
আলামিনের দাবি, মানুষের উপকার করার তাগিদ থেকেই তাঁর এই পথচলা। এর বিনিময়ে বড় কোনো প্রত্যাশা নেই তাঁর। নিজের অবস্থান থেকে একজন মানুষকেও যদি সচেতন করা যায়, সেটিকেই সাফল্য হিসেবে দেখেন তিনি।
রাজধানীর সড়কে প্রতিদিনই নানা কারণে দুর্ঘটনা ঘটছে। চালকের অসতর্কতা, পথচারীর তাড়াহুড়ো কিংবা ট্রাফিক আইন না মানার মতো কারণে মুহূর্তেই ঘটতে পারে প্রাণহানি। তাই সড়কে সচেতনতার বিকল্প নেই।
আলামিনের উদ্যোগ হয়তো ব্যক্তিগত পর্যায়ে পরিচালিত একটি ছোট প্রচেষ্টা। কিন্তু এর বার্তা পৌঁছে যাচ্ছে ব্যস্ত নগরীর পথচারীদের কাছে। একটি সিগন্যাল মেনে চলা কিংবা নির্ধারিত জেব্রা ক্রসিং ব্যবহার করাই কখনো কখনো একটি জীবন রক্ষা করতে পারে।
আর সেই সচেতনতার বার্তা ছড়িয়ে দিতে রাজধানীর এক সিগন্যাল থেকে আরেক সিগন্যালে ছুটে চলেছেন চাঁদপুরের ‘গোল্ডেন বয়’ আলামিন।
নিরাপদ সড়ক এবং মানুষের সচেতনতার লক্ষ্যে তাঁর এই উদ্যোগ মনে করিয়ে দিচ্ছে সড়কে নিয়ম মেনে চলার অভ্যাস শুধু দুর্ঘটনা কমায় না, বাঁচিয়ে দিতে পারে মূল্যবান একটি প্রাণ।
সদ্য সংবাদ/এসএস