ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) আওতাধীন সবুজবাগ ও লালবাগ থানায় নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দুই পুলিশ পরিদর্শককে দায়িত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে কয়েকজন কর্মকর্তাকে বিভিন্ন ইউনিটে বদলি ও পদায়ন করা হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ স্বাক্ষরিত পৃথক এক কার্যালয় আদেশে এসব পরিবর্তনের তথ্য জানানো হয়।
আদেশে বলা হয়েছে, ডিএমপির গোয়েন্দা তেজগাঁও বিভাগের নিরস্ত্র পুলিশ পরিদর্শক মোহাম্মদ সাইফুল ইসলামকে সবুজবাগ থানার নতুন ওসি করা হয়েছে। অন্যদিকে, ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন বিভাগের নিরস্ত্র পুলিশ পরিদর্শক মোহাম্মদ জামিল হোসেনকে লালবাগ থানার ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
এদিকে সবুজবাগ থানার বর্তমান ওসি মো. সাইফুল ইসলামকে ডিএমপির ক্রাইম বিভাগে এবং লালবাগ থানার ওসি মো. ইয়াছিন আলীকে প্রকিউরমেন্ট অ্যান্ড ওয়ার্কশপ বিভাগে বদলি করা হয়েছে।
এ ছাড়া উত্তরখান থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (অপারেশন) ছামিউল হককে তেজগাঁও থানায় নিরস্ত্র পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসেবে পদায়ন করা হয়েছে।
ডিএমপির প্রশাসনিক কার্যক্রমের অংশ হিসেবে এসব বদলি ও পদায়নের আদেশ দেওয়া হয়েছে।
সদ্য সংবাদ/এসএস