কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যা মামলার বিচারিক প্রক্রিয়া শুরু হচ্ছে আগামী ২৯ নভেম্বর। ওই দিন মামলার চার আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে বয়সের ভিত্তিতে আসামিদের বিচার হবে পৃথক দুটি আদালতে।
শনিবার (২১ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী ও কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মো. কাইমুল হক রিংকু।
তিনি জানান, আদালত মামলার অভিযোগপত্র গ্রহণ করেছেন। চার আসামিই বর্তমানে কারাগারে রয়েছেন। আগামী ২৯ নভেম্বর অভিযোগ গঠনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বিচারকাজ শুরু হবে। আসামিদের মধ্যে দুজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাদের বিচার হবে জুভেনাইল আদালতে। বাকি দুজন প্রাপ্তবয়স্ক আসামির বিচার হবে কুমিল্লার সেশন আদালতে।
রাষ্ট্রপক্ষের এই আইনজীবী আরও জানান, আসামিপক্ষ মানবাধিকার সংগঠনের মাধ্যমে আইনজীবী নিয়োগের চেষ্টা করছে। তবে রাষ্ট্রপক্ষের পক্ষ থেকে মামলার বিচারিক কার্যক্রম চালিয়ে যাওয়ার প্রস্তুতি রয়েছে।
অপ্রতিমের বাবা কে এম ফিরোজ শাহরিয়ারও ২৯ নভেম্বর অভিযোগ গঠনের শুনানির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রাপ্তবয়স্ক ও অপ্রাপ্তবয়স্ক আসামিদের বিচার আলাদা আদালতে পরিচালিত হবে।
উল্লেখ্য, গত ১৮ সেপ্টেম্বর দুপুরে কুমিল্লার কোটবাড়ির গন্ধমতি এলাকায় ভাড়া বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হয় ১৩ বছর বয়সী অপ্রতিম। পরদিন ১৯ সেপ্টেম্বর সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর ইউনিয়নের সানন্দা গ্রামের লালমাই পাহাড়ের একটি নির্জন জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
অপ্রতিম কুমিল্লার বর্ডার গার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল। তার হত্যার ঘটনায় দায়ের করা মামলায় চারজনকে আসামি করা হয়েছে।
সদ্য সংবাদ/এজে