জানা গেছে, অভিযুক্ত সাংবাদিকের নাম সৈয়দ মাহমুদুল ইল্লাহ। তিনি বেসরকারি টেলিভিশন চ্যানেল নিউজ টোয়েন্টিফোরে কর্মরত।
ভিডিওতে দেখা যায়, গাড়িতে তেল নেওয়ার সময় পাম্পের এক কর্মচারীর সঙ্গে ওই সাংবাদিকের কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তিনি কর্মচারীর দিকে এগিয়ে গিয়ে কোমর থেকে একটি পিস্তল বের করেন। এতে ঘটনাস্থলে উপস্থিত লোকজনের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয় এবং আশপাশের মানুষ জড়ো হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সৈয়দ মাহমুদুল ইল্লাহ জানান, তিনি ব্যক্তিগত গাড়িতে তেল নিতে ফিলিং স্টেশনে যান। দায়িত্বপ্রাপ্ত কর্মী তাকে ১ হাজার ৫০০ টাকার তেল দিতে চাইলে তিনি গাড়ির ট্যাংক পূর্ণ করে দেওয়ার অনুরোধ করেন। কিন্তু কর্মচারী তা অস্বীকার করলে তিনি নিজের সাংবাদিক পরিচয় দেন।
পুলিশ সূত্রে জানা গেছে, সরকারি নির্দেশনার কারণে বর্তমানে ফিলিং স্টেশনগুলো থেকে তেলের সরবরাহ সীমিত রাখা হয়েছে। নির্দেশনা অনুযায়ী মোটরসাইকেলে দিনে সর্বোচ্চ ২ লিটার, ব্যক্তিগত গাড়িতে ১০ লিটার এবং এসইউভি বা মাইক্রোবাসে ২০ থেকে ২৫ লিটার তেল বিক্রি করা হচ্ছে। এ কারণে সাংবাদিক ট্যাংক ভরে তেল নিতে চাইলে বিক্রয়কর্মী তা দিতে অস্বীকৃতি জানান।
ঘটনার সময় উপস্থিত জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন রায় সাংবাদিকের আগ্নেয়াস্ত্রের লাইসেন্স পরীক্ষা করেন। পরে বিষয়টি শান্তিপূর্ণভাবে মীমাংসা করা হয় বলে জানা গেছে।