নিহত তাসলিমা খাতুন (৩৮) সদর উপজেলার উত্তর বহেরা গ্রামের নুরুজ্জামানের মেয়ে। অভিযুক্ত স্বামী সাদ্দাম হোসেন (৪২) লক্ষ্মীদাড়ী গ্রামের লুৎফর রহমানের ছেলে। পারিবারিক সূত্রে জানা গেছে, তাদের সংসারে ১২ বছর বয়সী এক মেয়ে ও ৯ বছর বয়সী এক ছেলে রয়েছে। এছাড়া তাসলিমা পাঁচ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।
নিহতের মেয়ে সাদিয়া খাতুন জানায়, তার বাবা-মায়ের মধ্যে প্রায়ই পারিবারিক কলহ লেগে থাকত। ঝগড়ার একপর্যায়ে তার বাবা ছুরি নিয়ে মাকে হত্যার হুমকিও দিতেন। শনিবার রাতে সাদ্দাম পাশের ঘরে ঘুমাচ্ছিলেন। রাত ১১টার দিকে তিনি তাসলিমাকে ডেকে অন্য ঘরে নিয়ে যান। কিছুক্ষণ পর গোঙানির শব্দ শুনে সাদিয়া বাইরে বের হওয়ার চেষ্টা করলে দেখতে পায়, ঘরের দরজায় বাইরে থেকে তালা দেওয়া।
স্থানীয়দের দাবি, অভিযুক্ত সাদ্দাম মাদকাসক্ত ছিলেন এবং অনলাইন জুয়ায়ও আসক্তি ছিল।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় নিহতের স্বামীকে আসামি করে থানায় মামলা হয়েছে। তাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।