ওসমান হাদি হত্যা মামলার তদন্তে মমতার বক্তব্যকে গুরুত্ব দিচ্ছে সিআইডি

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩২
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড নিয়ে পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-এর বক্তব্যকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। সংস্থাটির দাবি, তদন্তের স্বার্থে পাওয়া সব তথ্য ও বক্তব্যের মতো মমতার মন্তব্যও খতিয়ে দেখা হচ্ছে।

তবে সরকার এ বক্তব্যকে রাজনৈতিক মন্তব্য হিসেবে দেখছে। অন্যদিকে বিরোধী দল এটিকে ভারতের রাজনৈতিক কৌশলের অংশ বলে অভিহিত করেছে। এ ছাড়া মামলার বাদী হিসেবে ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবেরের নাম অন্তর্ভুক্ত করা নিয়েও প্রশ্ন তুলেছেন হাদির বোন মাসুমা হাদি।

গত বছরের ডিসেম্বরে ওসমান হাদি হত্যাকাণ্ডের পর থেকেই ইনকিলাব মঞ্চ এ ঘটনায় ভারতের সম্পৃক্ততার অভিযোগ করে আসছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সাম্প্রতিক মন্তব্যের পর সেই অভিযোগ নতুন করে আলোচনায় এসেছে। এর পরিপ্রেক্ষিতে হত্যাকাণ্ডের পূর্ণাঙ্গ তদন্ত, দেশীয় খুনিদের শনাক্তকরণ, ভারতে গ্রেপ্তার আসামিদের দেশে ফিরিয়ে আনা এবং দ্রুত বিচার নিশ্চিতের দাবিতে নতুন কর্মসূচি পালন করছে সংগঠনটি। এসব দাবিতে শুক্রবার জুমার নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশও অনুষ্ঠিত হয়।

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের পরাজয়ের প্রায় এক মাস পর কলকাতার ধর্মতলা এলাকায় এক কর্মসূচিতে বক্তব্য দেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি দাবি করেন, বাংলাদেশের একটি আলোচিত হত্যাকাণ্ডের আসামিদের পশ্চিমবঙ্গে গ্রেপ্তারের পর ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তাঁকে বিষয়টি প্রকাশ না করার অনুরোধ করেছিলেন।

বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশ থেকে আসা এক আলোচিত হত্যাকাণ্ডের অভিযুক্তদের পশ্চিমবঙ্গের বিশেষ বাহিনী গ্রেপ্তার করেছিল। পরে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তাঁকে বিষয়টি প্রকাশ না করতে বলেন। হত্যাকাণ্ডে কারা জড়িত এবং কার নির্দেশে তা সংঘটিত হয়েছে, সে বিষয়ে তিনি অবগত থাকলেও দেশের স্বার্থে নাম প্রকাশ করতে চান না বলেও মন্তব্য করেন।

চলতি বছরের মার্চে পশ্চিমবঙ্গ পুলিশের বিশেষ টাস্কফোর্স হাদি হত্যা মামলার প্রধান দুই আসামি ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল এবং আলমগীর হোসেনকে গ্রেপ্তার করে। পরে নদীয়ার শান্তিপুর এলাকা থেকে মামলার আরেক আসামি ফিলিপ সাংমাকেও আটক করা হয়। তার বিরুদ্ধে প্রধান আসামিদের সীমান্ত পেরিয়ে ভারতে যেতে সহায়তার অভিযোগ রয়েছে।

মামলাটির তদন্ত তদারককারী সিআইডির ভারপ্রাপ্ত প্রধান ও পুলিশের উপমহাপরিদর্শক আলী আকবর খান বলেন, তদন্ত কর্মকর্তা সব ধরনের তথ্য, বক্তব্য ও সংশ্লিষ্ট বিষয় যাচাই করবেন। যেখান থেকেই তথ্য আসুক না কেন, তা গুরুত্বের সঙ্গে মূল্যায়ন করা হবে। প্রয়োজন হলে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গেও কথা বলা হবে।

ভারতে গ্রেপ্তার তিন আসামিকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে তিনি জানান, আইনি প্রক্রিয়ার জন্য প্রয়োজনীয় নথিপত্র পাঠানো হয়েছে এবং সংশ্লিষ্ট ভারতীয় কর্তৃপক্ষের সহযোগিতা প্রত্যাশা করা হচ্ছে।

মমতার বক্তব্যের পরদিন সংবাদ সম্মেলনে ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের দাবি করেন, ওই বক্তব্যে স্পষ্ট হয়েছে যে ওসমান হাদি হত্যাকাণ্ডে ভারত ও দেশটির গোয়েন্দা সংস্থার সম্পৃক্ততা রয়েছে।

অন্যদিকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেন, পাশের দেশের নির্বাচনী প্রেক্ষাপটে দেওয়া বক্তব্য বাংলাদেশের আলোচনার বিষয় নয়। তবে হাদি হত্যার বিচার নিশ্চিত করতে সরকার আন্তরিকভাবে কাজ করছে এবং এ বিষয়ে কিছু অগ্রগতিও হয়েছে।

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় কারও নাম উল্লেখ না করলেও তার বক্তব্য থেকে বোঝা যায়, ওসমান হাদি হত্যাকাণ্ডকে ঘিরে ভারত রাজনৈতিকভাবে সক্রিয় রয়েছে।

গত বছরের ১২ ডিসেম্বর রাজধানীর পল্টনের বক্স কালভার্ট সড়কে ব্যাটারিচালিত রিকশায় থাকা ওসমান হাদিকে মোটরসাইকেল আরোহী দুর্বৃত্তরা গুলি করে। গুরুতর আহত অবস্থায় তাকে সিঙ্গাপুরে নেওয়া হলেও ১৮ ডিসেম্বর রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তদন্ত শেষে গোয়েন্দা পুলিশ চলতি বছরের ৬ জানুয়ারি প্রধান আসামি ফয়সাল করিম মাসুদসহ ১৭ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়। তবে বাদীপক্ষের আপত্তির পর আদালত ১৫ জানুয়ারি মামলাটির অধিকতর তদন্তের দায়িত্ব সিআইডিকে দেয়। এরপর থেকে মামলাটি সিআইডি তদন্ত করছে।

এ পর্যন্ত মামলার তিন আসামি ভারতে এবং ১১ জন বাংলাদেশে গ্রেপ্তার হয়েছেন। দেশে গ্রেপ্তার হওয়া ১১ জনের মধ্যে ৯ জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। পরে কেরানীগঞ্জ থেকে রুবেল এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রের বিক্রেতা হিসেবে অভিযুক্ত মাজেদুলকেও গ্রেপ্তার করা হয়।

২০২৪ সালের আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর বক্তব্য ও কর্মকাণ্ডের মাধ্যমে আলোচনায় আসেন শরিফ ওসমান হাদি। তিনি ইনকিলাব মঞ্চ নামে একটি রাজনৈতিক-সাংস্কৃতিক প্ল্যাটফর্ম গড়ে তুলে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক বিষয়ে সক্রিয় ভূমিকা পালন করেন। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হওয়ারও প্রস্তুতি নিয়েছিলেন।

এদিকে ওসমান হাদির বোন মাসুমা হাদি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক দীর্ঘ পোস্টে অভিযোগ করেন, ভাই গুলিবিদ্ধ হওয়ার পর থেকে পরিবারের বিরুদ্ধে নানা ধরনের ষড়যন্ত্র হয়েছে। তিনি প্রশ্ন তোলেন, পরিবারের সদস্যরা হাসপাতালে উপস্থিত থাকা সত্ত্বেও কেন আবদুল্লাহ আল জাবেরের কাছ থেকে মামলার কাগজে স্বাক্ষর নেওয়া হয়েছিল এবং কেন তাকেই মামলার বাদী করা হয়। তার দাবি, এ বিষয়টিরও স্পষ্ট ব্যাখ্যা প্রয়োজন। সূত্র: আজকের পত্রিকা

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. আত্মহত্যার প্ররোচনা মামলায় গাজী নজরুল ও তার স্ত্রী গ্রেপ্তার সদ্য. আশুলিয়ায় গ্যাসের সিলিন্ডার বোঝাই গাড়িতে বিস্ফোরণে নিহত বেড়ে ৭, আহত ১৫ সদ্য. দেশে জ্বালানি তেলের দাম বাড়ল লিটারে ২০ টাকা সদ্য. আশুলিয়ায় কাভার্ড ভ্যান বিস্ফোরণে ৬ জনের মরদেহ উদ্ধার সদ্য. এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সদ্য. ভোরে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংশোধন বিল দ্রুতই উঠবে সংসদে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে হিজাব-বোরকা সদ্য. কমলাপুরে দাঁড়িয়ে থাকা ট্রেনের কোচে আগুন সদ্য. শেরে বাংলা নগর থানায় নেওয়া হয়েছে গাজী নজরুল ইসলামকে সদ্য. আত্মহত্যার প্ররোচনা মামলায় গাজী নজরুল ও তার স্ত্রী গ্রেপ্তার সদ্য. আশুলিয়ায় গ্যাসের সিলিন্ডার বোঝাই গাড়িতে বিস্ফোরণে নিহত বেড়ে ৭, আহত ১৫ সদ্য. দেশে জ্বালানি তেলের দাম বাড়ল লিটারে ২০ টাকা সদ্য. আশুলিয়ায় কাভার্ড ভ্যান বিস্ফোরণে ৬ জনের মরদেহ উদ্ধার সদ্য. এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সদ্য. ভোরে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংশোধন বিল দ্রুতই উঠবে সংসদে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে হিজাব-বোরকা সদ্য. কমলাপুরে দাঁড়িয়ে থাকা ট্রেনের কোচে আগুন সদ্য. শেরে বাংলা নগর থানায় নেওয়া হয়েছে গাজী নজরুল ইসলামকে