ফায়ার সার্ভিস সূত্র জানায়, সোমবার (১২ জানুয়ারি) রাত সাড়ে নয়টার দিকে বিদ্যুৎ কেন্দ্রের অভ্যন্তরে অবস্থিত স্ক্র্যাপ ইয়ার্ডে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে মহেশখালী, চকরিয়া ও বিদ্যুৎ কেন্দ্রের নিজস্ব দুটি ইউনিটসহ মোট ছয়টি ফায়ার সার্ভিস ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
কক্সবাজার ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র কর্মকর্তা দোলন আচার্য্য বলেন, 'আগুনের তীব্রতা বেশি থাকায় তা নিয়ন্ত্রণে আনতে সময় লেগেছে। তবে দীর্ঘ চেষ্টার পর ভোর সাড়ে পাঁচটার দিকে আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।'
এ ঘটনায় বিদ্যুৎ কেন্দ্রের মূল উৎপাদন ইউনিট বা বয়লারে কোনো ক্ষতি হয়নি। বিদ্যুৎ উৎপাদন স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন মহেশখালীর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমরান মাহমুদ ডালিম।
মহেশখালী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত কর্মকর্তা সালাহ উদ্দিন কাদের জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে স্ক্র্যাপ ইয়ার্ডে পথশিশুদের দৌরাত্মের কারণে আগুনের সূত্রপাত হতে পারে। তবে সঠিক কারণ এখনো নিশ্চিত নয়।
বিদ্যুৎ কেন্দ্র সংশ্লিষ্ট সূত্র জানায়, স্ক্র্যাপ ইয়ার্ডটি কেন্দ্রের সীমানা প্রাচীরের ভেতরে পুকুর সদৃশ একটি কাঠামোর মধ্যে অবস্থিত। সেখানে বিদ্যুৎ কেন্দ্রের অব্যবহৃত যন্ত্রাংশ ও বিভিন্ন সামগ্রী সংরক্ষণ করা ছিল।
ইউএনও ইমরান মাহমুদ ডালিম আরও জানান, ঘটনার সঠিক কারণ নির্ধারণে একটি তদন্ত কমিটি গঠন করা হবে। তদন্ত শেষে আগুন লাগার প্রকৃত কারণ জানা যাবে।