জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, এক স্বৈরাচারকে সরিয়ে নতুন কোনো স্বৈরাচার প্রতিষ্ঠার জন্য গণঅভ্যুত্থান হয়নি; বরং কেউ যাতে আর স্বৈরাচার হতে না পারে, সেই লক্ষ্যেই এই গণঅভ্যুত্থান সংঘটিত হয়েছিল।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় নরসিংদী-২ (পলাশ) আসনের ঘোড়াশালে এনসিপি ও ১১ দলীয় জোটের নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, একটি রাজনৈতিক দল শুরু থেকেই সংস্কারের বিরোধিতা করে আসছে। ফ্যাসিবাদী শাসনামলে তারা ৩১ দফা দিয়ে রাষ্ট্র সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু ৫ আগস্টের পর দেখা গেছে, তারা সেই প্রতিশ্রুতি থেকে সরে এসেছে এবং সব ধরনের সংস্কারের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। এতে তারা জাতির সঙ্গে প্রতারণা করেছে। তিনি বলেন, জনগণকে খেয়াল রাখতে হবে—কে কী প্রতিশ্রুতি দেয় এবং ক্ষমতায় গেলে তা কতটা বাস্তবায়ন করে। জনগণের সঙ্গে দেওয়া কথা রক্ষা করাই রাজনৈতিক দায়িত্ব।
তিনি অতীতের উদাহরণ টেনে বলেন, ২০০৮ সালে ১০ টাকা কেজিতে চাল দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হলেও দেশের মানুষ তা কখনো পায়নি। বরং এ দেশে শত শত কোটি টাকা লুটপাট হয়েছে, যা সাধারণ মানুষের দুর্ভাগ্যের কারণ।
নাহিদ ইসলাম আরও বলেন, এবারও দেখা যাচ্ছে ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকদের মনোনয়ন দিয়ে সংসদে নেওয়ার চেষ্টা চলছে। নতুন করে টাকা পাচার ও লুটপাটের পরিকল্পনা করা হচ্ছে। এসবের জবাব ব্যালটের মাধ্যমে দিতে হবে।
তিনি বলেন, এনসিপি মিথ্যা প্রতিশ্রুতির রাজনীতি করতে চায় না। দেশের অর্থনীতি ভেঙে পড়েছে; তা পুনরুদ্ধারে জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থান—এই তিনটি খাতে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। একই সঙ্গে দুর্নীতি ও দুর্বৃত্তায়নের রাজনীতি চিরতরে বন্ধ করতে হবে।
নাহিদ ইসলাম বলেন, যে দলের কাছে নিজেদের নেতাকর্মী ও প্রতিদ্বন্দ্বী প্রার্থীরাও নিরাপদ নয়, সে দলের কাছে দেশের ২০ কোটি মানুষ নিরাপদ থাকতে পারে না। তিনি দাবি করেন, বর্তমানে দেশের মানুষ ১১ দলীয় জোটের হাতেই নিরাপদ।
তিনি আরও বলেন, নির্বাচনের আগে বড় বড় কথা ও মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় আসার রাজনীতি ২০২৪ সালের গণঅভ্যুত্থানের মাধ্যমে শেষ হয়ে গেছে। বাংলাদেশের মানুষ এখন সচেতন। ভোটকেন্দ্র দখলের কোনো অপচেষ্টা হলে পলাশবাসীসহ সারা দেশের মানুষ তা প্রতিহত করবে। আগামী ১২ ফেব্রুয়ারি ভোট চুরি বা কেন্দ্র দখলের যেকোনো পরিকল্পনাই ব্যর্থ করে দেওয়া হবে।
জনসভায় এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেন, আসন্ন নির্বাচনকে সামনে রেখে একটি দল সহিংস রূপ ধারণ করছে। গত ১৭ বছরে আওয়ামী লীগের শাসনামলে যে অভিজ্ঞতা মানুষ পেয়েছে, গত ১৭ মাসেও সেই একই অভিজ্ঞতা হয়েছে। যারা আবার আওয়ামী লীগকে ফেরাতে চায়, আগামী ১২ ফেব্রুয়ারি ব্যালট বিপ্লবের মাধ্যমে তাদের প্রতিহত করা হবে।
বিএনপির সমালোচনা করে তিনি বলেন, তারা বিভিন্ন ধরনের কার্ডের কথা বলে মানুষকে বিভ্রান্ত করছে, অথচ নিজেরাই কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ডের পার্থক্য বুঝতে পারছে না।
এ সময় আসিফ মাহমুদ আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে শাপলা কলির পক্ষে এবং ‘হ্যাঁ’ ভোটের পক্ষে জনসমর্থন কামনা করেন।
জনসভায় নরসিংদী-২ আসনে এনসিপির প্রার্থী সারোয়ার তুষারসহ দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।