ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের কার্যক্রম প্রভাবমুক্ত রাখতে আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত দেশের কোনো পেশাজীবী সংগঠন বা অন্য কোনো সংগঠনের নির্বাচন আয়োজন না করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ সংক্রান্ত নির্দেশনা ইতিমধ্যে সব রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।
সোমবার ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। চিঠিতে উল্লেখ করা হয়, একই দিনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। নির্বাচনকালীন সময়ে যাতে কোনো ধরনের প্রভাব বা বিভ্রান্তি সৃষ্টি না হয়, সে জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ইসির নির্দেশনায় বলা হয়েছে, পেশাজীবী সংগঠনের নির্বাচন ছাড়াও শিক্ষাপ্রতিষ্ঠানের সব ধরনের নির্বাচন, পরিবহন মালিক ও শ্রমিক সমিতি, সাংবাদিক সমিতি, বণিক সমিতি, সমবায় সমিতি, ট্রেড ইউনিয়নসহ দেশের সব সংগঠনের নির্বাচন আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬-এর পর আয়োজন করতে হবে।
নির্বাচন কমিশন জানিয়েছে, এই সিদ্ধান্ত বাস্তবায়নে সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে। আগামী ১২ ফেব্রুয়ারি একযোগে গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।