দলের কর্মসূচি অনুযায়ী, দিনের শুরুতে সকাল ১০টায় হবিগঞ্জ জেলা শহরের ঐতিহাসিক নিউফিল্ড মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় অংশ নেবেন জামায়াত আমির। সেখানে বক্তব্য দেওয়ার পর তিনি সিলেটের উদ্দেশে রওনা হবেন। সময় স্বল্পতার কারণে সুনামগঞ্জের পূর্বনির্ধারিত জনসভা বাতিল করা হয়েছে বলে জানিয়েছে দলটি।
বিকেল ৩টায় ঐতিহাসিক সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে সিলেট জামায়াতের উদ্যোগে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন ডা. শফিকুর রহমান। জনসভায় সিলেট জেলার ছয়টি আসনের জামায়াত ও ১১ দলীয় জোটের প্রার্থী এবং সুনামগঞ্জ জেলার চারটি আসনের জামায়াত ও ১১ দলীয় জোটের প্রার্থীদের পরিচয় করিয়ে দেওয়া হবে।
সিলেট মহানগর জামায়াতের আমির মুহাম্মদ ফখরুল ইসলাম এক প্রেস ব্রিফিংয়ে জানান, জনসভা বিকেল ৩টায় শুরু হয়ে সাড়ে ৪টার মধ্যে শেষ হবে। জামায়াত আমির হেলিকপ্টারে করে সিলেট জেলা স্টেডিয়ামে অবতরণ করবেন।
এদিকে জনসভা সফল করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে জামায়াতে ইসলামী। আয়োজকদের প্রত্যাশা, জনসভায় লক্ষাধিক মানুষের সমাগম হবে। এ উপলক্ষে আলিয়া মাদ্রাসা মাঠে নির্মাণ করা হয়েছে বিশাল মঞ্চ। পাশাপাশি শহরজুড়ে টানানো হয়েছে বিলবোর্ড, ব্যানার ও ফেস্টুন।