জাতীয় নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক তৎপরতা জোরদার হচ্ছে। এই প্রেক্ষাপটে মাঠপর্যায়ে সক্রিয় হওয়ার ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আগামী ২৫ জানুয়ারি থেকে সারাদেশে ১১ দিনের নির্বাচনী পদযাত্রা শুরু করবে দলটি।
শুক্রবার (২৩ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
সংবাদ সম্মেলনে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলে তিনি বলেন, নির্বাচন কমিশন সঠিকভাবে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে পারছে না। দলীয়করণ থেকে সরে এসে কমিশনকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।
আসিফ মাহমুদ অভিযোগ করেন, প্রচারণার প্রথম দিন থেকেই একটি বড় রাজনৈতিক দল এবং তাদের চেয়ারম্যান তারেক রহমান আচরণবিধি ভঙ্গ করছেন। গভীর রাতে মাইকের আওয়াজে প্রচারণা, পোস্টার ও মাইক ব্যবহার করে নির্বাচনী বিধিনিষেধ লঙ্ঘন করা হচ্ছে বলেও দাবি করেন তিনি।
নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে তিনি সব ভোটকেন্দ্রে সেনাবাহিনী মোতায়েনের পাশাপাশি তাদের নিজস্ব ম্যাজিস্ট্রেসি ক্ষমতা প্রদান এবং সিসিটিভি ক্যামেরা স্থাপনের দাবি জানান।
এ সময় প্রশাসন ও গণমাধ্যমের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন এনসিপির এই নেতা। তিনি বলেন, গণমাধ্যমে আবারও দলীয়করণের চেষ্টা দেখা যাচ্ছে, যা ভবিষ্যতে ভয়াবহ রূপ নিতে পারে। সব রাজনৈতিক দলকে সমানভাবে কাভারেজ দেওয়ার জন্য মিডিয়া হাউসগুলোর প্রতি আহ্বান জানান তিনি।
সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ২৭০টি আসনে এনসিপির গণভোটের প্রার্থী তালিকাও ঘোষণা করেন।