নির্বাচনের দিন যেখানে ছিল নেতাকর্মীদের সরগরম উপস্থিতি, ভোটের পরদিন সেখানে নেমেছে অস্বাভাবিক নীরবতা। রাজধানীর মগবাজারে অবস্থিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে গিয়ে এমনই চিত্র দেখা গেছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) নির্বাচন চলাকালীন সময় থেকে গভীর রাত পর্যন্ত দলটির নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি ছিল কার্যালয় ঘিরে। ভোটগ্রহণ শেষ হওয়ার পরও মধ্যরাত পর্যন্ত সেখানে অবস্থান করছিলেন তারা।
নির্বাচনের দিন যেখানে ছিল নেতাকর্মীদের সরগরম উপস্থিতি, ভোটের পরদিন সেখানে নেমেছে অস্বাভাবিক নীরবতা। রাজধানীর মগবাজারে অবস্থিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে গিয়ে এমনই চিত্র দেখা গেছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) নির্বাচন চলাকালীন সময় থেকে গভীর রাত পর্যন্ত দলটির নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি ছিল কার্যালয় ঘিরে। ভোটগ্রহণ শেষ হওয়ার পরও মধ্যরাত পর্যন্ত সেখানে অবস্থান করছিলেন তারা। কিন্তু শুক্রবার সকালে কার্যালয় এলাকায় গিয়ে দেখা যায়, নেই সেই ভিড়, নেই নির্বাচনী উত্তাপ—পুরো এলাকায় বিরাজ করছে খাঁ খাঁ পরিবেশ।
বিবিসির লাইভ প্রতিবেদনে জানানো হয়, নির্বাচনের দিনকার চিত্রের সঙ্গে শুক্রবারের দৃশ্যের রয়েছে স্পষ্ট পার্থক্য।
সংবাদদাতা তারেকুজ্জামান শিমুল জানান, সকালে কার্যালয়ে হাতে গোনা কয়েকজন নেতাকর্মী ও কিছু সাংবাদিককে দেখা গেছে।
নির্বাচনের দিন দলটির পক্ষ থেকে একাধিকবার সরকার গঠনের আশাবাদ ব্যক্ত করা হয়েছিল। তবে ফলাফলে স্পষ্ট হয়েছে যে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), এবং তারাই সরকার গঠনের পথে এগোচ্ছে।
যদিও সরকার গঠনের প্রত্যাশা পূরণ হয়নি, তবু এবারের নির্বাচনে অতীতের যেকোনো সময়ের তুলনায় বেশি আসন পেয়েছে জামায়াতে ইসলামী।