নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তুলতে গুরুত্ব দেওয়া হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ। তার মতে, নারীদের হাতে কর্মসংস্থানের সুযোগ তুলে দিতে পারলে পরিবার ও সমাজ দুই ক্ষেত্রেই ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।
বরিশাল নগরীর সদর রোডে রহমাতুল্লাহ সমাজকল্যাণ সংস্থার কার্যালয়ে আয়োজিত অসহায় ও সুবিধাবঞ্চিত নারীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।
রহমাতুল্লাহ বলেন, দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডে নারীদের অংশগ্রহণ ক্রমেই বাড়ছে। পরিবার সামলানোর পাশাপাশি তারা আয়মূলক কর্মকাণ্ডেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। তাই তাদের প্রশিক্ষণ ও কর্মসংস্থানের সুযোগ বাড়িয়ে আত্মনির্ভরশীল করে তোলা প্রয়োজন।
তিনি বলেন, নারীদের অর্থনৈতিকভাবে শক্তিশালী করার বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বিভিন্ন উদ্যোগ নেওয়ার পাশাপাশি দলীয় নেতা-কর্মীদেরও এ ধরনের কাজে সম্পৃক্ত হওয়ার নির্দেশনা দিয়েছেন।
সেলাই মেশিনকে নারীদের জন্য আত্মকর্মসংস্থানের একটি মাধ্যম হিসেবে উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, একটি মেশিন একজন নারীর নিজের আয়ের পথ তৈরি করতে পারে। এর মাধ্যমে পরিবারের খরচে সহযোগিতা করার পাশাপাশি নিজের আর্থিক সক্ষমতাও বাড়ানো সম্ভব।
অসহায় ও সুবিধাবঞ্চিত নারীদের জন্য ভবিষ্যতেও এমন কর্মমুখী উদ্যোগ চালু রাখার কথা জানান তিনি।
অনুষ্ঠানে পল্লী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক জবেদা বেগম, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন টিটু, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য নাজমুস সাকিব, সদর উপজেলা বিএনপির সদস্য মনির হোসেন, জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি ইলিয়াস আহমেদ এবং বিএম কলেজ ছাত্রদলের নেতা আকবর মুবীনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও নারী উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে নির্বাচিত অসহায় ও সুবিধাবঞ্চিত নারীদের হাতে সেলাই মেশিন তুলে দেওয়া হয়।
সদ্য সংবাদ/এসএস