ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কোনোভাবেই বানচাল করতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছে ইনকিলাব মঞ্চ। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাত ৮টার পর সংগঠনটি তাদের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ অবস্থান জানায়।
পোস্টে ইনকিলাব মঞ্চ উল্লেখ করে, নির্বাচন ১২ তারিখেই অনুষ্ঠিত হবে এবং নির্বাচন হতেই হবে। কোনো অবস্থাতেই নির্বাচন বানচালের সুযোগ দেওয়া হবে না বলেও সেখানে জানানো হয়।
এর আগে শুক্রবার বিকেল ৪টার দিকে শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে রওনা হলে পুলিশের সঙ্গে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের সংঘর্ষ হয়।
ওই সংঘর্ষে সংগঠনটির সদস্য সচিব আবদুল্লাহ আল জাবেরসহ কয়েকজন আহত হন। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।