নারায়ণগঞ্জ নগরীর গলাচিপা এলাকায় বিশেষ অভিযানে বিপুল পরিমাণ দেশীয় তৈরি ধারালো অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। এ সময় চিহ্নিত এক মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করা হয়।
মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেলে গলাচিপা চেয়ারম্যানবাড়ি এলাকার একটি দোতলা ভবনে ফতুল্লা মডেল থানার একটি দল অভিযান চালায় বলে জানান জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী।
গ্রেপ্তার ব্যক্তির নাম মনির হোসেন ওরফে ফাইটার মনির (৪০)। তিনি মাসদাইর এলাকার বাসিন্দা মৃত সাইদুর রহমানের ছেলে।
পুলিশ জানায়, মাদক বিক্রেতা মনির চিহ্নিত সন্ত্রাসী জাহিদ হোসেনের ঘনিষ্ঠ সহযোগী।
অভিযানে উদ্ধার করা হয়—দুটি স্টিলের তৈরি বড় ছুরি, একটি রামদা, তিনটি দা, একটি ডেগার, একটি সামুরাই (ধারালো অস্ত্র), আটটি ছোট-বড় ছুরি, দুটি চাপাতি, একটি করাত, একটি লোহা কাটার যন্ত্র, একটি হাতুড়ি এবং তিনটি লোহার পাইপ।
এছাড়া গ্রেপ্তার ব্যক্তির ঘর থেকে একটি কম্পিউটারের সিপিইউ, দুটি মনিটর, ২৪ পুরিয়া গাঁজা এবং গাঁজা মাপার যন্ত্র জব্দ করা হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। মনিরকে গ্রেপ্তারের পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে মাদক ও বিপুল পরিমাণ ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।
তিনি আরও জানান, মনিরের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। এর আগে তার বিরুদ্ধে মাদক বিক্রি, চাঁদাবাজি ও ছিনতাইসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে বলে জানান ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক গাজী শামীম।