মানব পাচারের মতো সংঘবদ্ধ অপরাধ প্রতিরোধ এবং ভুক্তভোগীদের দ্রুত সহায়তা নিশ্চিত করতে মাদারীপুর জেলা পুলিশ সুপারের উদ্যোগে চালু হয়েছে ‘মাদারীপুর মানব পাচার প্রতিরোধ ও মনিটরিং সেল’।
জেলা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইতালি প্রবাসী অধ্যুষিত জেলা হওয়ায় মাদারীপুরের অনেক মানুষ বিদেশে কর্মসংস্থানের আশায় বিভিন্ন দালাল চক্রের খপ্পরে পড়ে মানব পাচারের শিকার হচ্ছেন। অবৈধভাবে বিদেশে পাঠিয়ে প্রতারক চক্র অনেককে আর্থিকভাবে নিঃস্ব করার পাশাপাশি অপহরণ, নির্যাতন, মুক্তিপণ আদায়সহ নানা ধরনের মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটাচ্ছে।
এ পরিস্থিতি মোকাবিলায় জেলা পুলিশের উদ্যোগে গঠিত ‘মানব পাচার প্রতিরোধ ও মনিটরিং সেল’ মানব পাচারসংক্রান্ত অভিযোগ ও মামলার দ্রুত তদন্ত, দালাল ও পাচারকারী চক্রকে শনাক্ত করে আইনের আওতায় আনা, গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান পরিচালনা, জনসচেতনতা বৃদ্ধি এবং উদ্ধার হওয়া ভুক্তভোগীদের আইনি সহায়তা ও পুনর্বাসনে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করবে।
এছাড়া মানব পাচারসংক্রান্ত তথ্য সংরক্ষণ ও কার্যক্রম মনিটরিংয়ের জন্য একটি সমন্বিত ডাটাবেজও প্রস্তুত করা হবে বলে জানানো হয়েছে।
জেলা পুলিশ মাদারীপুরের সকল নাগরিককে বৈধ প্রক্রিয়ায় বিদেশে যাওয়ার আহ্বান জানিয়ে বলেছে, কোনো দালাল বা অসাধু ব্যক্তির প্রলোভনে বিভ্রান্ত না হয়ে মানব পাচারসংক্রান্ত কোনো তথ্য বা অভিযোগ থাকলে দ্রুত নিকটস্থ থানা অথবা জেলা পুলিশের সঙ্গে যোগাযোগ করার জন্য।
জেলা পুলিশের প্রত্যাশা, আইনশৃঙ্খলা বাহিনী ও সাধারণ মানুষের সম্মিলিত প্রচেষ্টায় মানব পাচারমুক্ত, নিরাপদ মাদারীপুর গড়ে তোলা সম্ভব হবে।