কুড়িগ্রামের চরে মানুষের কোরবানির স্বপ্ন এখন বিলাসিতা

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩২
কুড়িগ্রামের চরাঞ্চলে ঈদের আনন্দ এখন অনেকের কাছেই কেবলই স্বপ্ন। নদীভাঙনে নিঃস্ব লাখো পরিবারে কোরবানির পশু তো দূরের কথা, অনেক ঘরে এক কেজি মাংসও জুটবে না। অভাব, ক্ষুধা আর অনিশ্চয়তার মধ্যেই ঈদ পার করার প্রস্তুতি নিচ্ছেন চরবাসীরা।

বছরের পর বছর নদীভাঙনে নিঃস্ব হওয়া মানুষগুলোর কাছে ঈদ এখন যেন বিলাসিতা। সরকারি সহায়তা বলতে ঈদের আগে ১০ কেজি ভিজিএফের চাল আর স্বল্পমূল্যের টিসিবির পণ্য—এতটুকুতেই সীমাবদ্ধ তাদের উৎসব।

সরেজমিনে দেখা গেছে, ফুলেফেঁপে ওঠা ব্রহ্মপুত্র নদ কতটা উত্তাল না দেখলে বোঝা যায় না। সেই ব্রহ্মপুত্রের বুকে জেগে ওঠা একটি চরের নাম ‘মাঝের চর’। মাঝের চরের মানুষের নেই সড়কপথের কোনো যোগাযোগ ব্যবস্থা। এই চর থেকে যাত্রাপুর নৌকা ঘাটে আসতে সময় লাগে প্রায় ১ ঘণ্টা। চার বছর আগে জেগে ওঠা এই চরে নদীভাঙনের শিকার অন্তত ৭০টি পরিবার নতুন করে বসতি গড়েছে। কিন্তু মাথা গোঁজার ঠাঁই মিললেও থামেনি জীবনের সংগ্রাম।

এই চরে আড়াই বছর ধরে বসবাস করছেন আরমান আলী ও আউলিয়া বেগম নামের এক দম্পতি। চার সন্তানের সংসার চালাতে আরমান আলী বাইরের জেলার একটি তাঁত কারখানায় কাজ করেন। কিন্তু বিদ্যুৎ বিভ্রাট ও কাজ অনিয়মিত থাকার কারণে এবার ঠিকমতো আয় করতে পারেননি তিনি। তাই ঈদে সন্তানদের নতুন জামা তো দূরের কথা, এক কেজি মাংস কিনে খাওয়ানোর সামর্থও নেই তার।

আরমান আলী বলেন, “আমি সিরাজগঞ্জে তাঁতের কাজ করি। তাঁত তো বিদ্যুৎ ছাড়া চলে না। এবার কাজ ঠিকমতো হয়নি। গতকাল বাড়িতে আসছি, হাতে টাকা নাই। ছেলে-মেয়েদের নতুন জামাকাপড়ও কিনতে পারি নাই। এবার মাংস কেনার টাকাও নাই। যদি সন্তানদের রিজিক থাকে, তাহলে হয়তো ঈদের দিন তারা মাংস খেতে পারবে।”

ওই চরের জেসমিন আক্তার বলেন, “আমাদের চরে কোরবানি নাই। ঈদের দিন বাচ্চাদের একটু মাংস খাওয়াবো—সেটাও হবে না। পারলে খুব ভালো লাগতো।”

মাঝের চরের বাসিন্দা রাজু মিয়া বলেন, “আমাদের এলাকায় কোরবানি নাই, কারণ সবাই গরিব মানুষ। যাদের কিছু টাকা আছে, তারা হয়তো বাজার থেকে মাংস কিনে খাবে। আর যাদের টাকা নাই, তারা খেতে পারবে না। কেউ যদি আমাদের চরে গরু কোরবানি করতো, আমরা খুব খুশি হতাম।”

মাঝের চরের বেশিরভাগ মানুষের পেশা কৃষিকাজ। বন্যার সময় ছাড়া চরের জমিতে ধান, কাউন, ভুট্টাসহ বিভিন্ন ফসল আবাদ করেই কোনো মতে জীবন চলে তাদের। কিন্তু উৎপাদন খরচ বাদ দিলে হাতে থাকে সামান্য আয়, যা দিয়েই চালাতে হয় সারা বছরের সংসার।

স্থানীয়রা জানান, বসতি গড়ার তিন বছরেও এই চরে কেউ গরু কোরবানি দিতে পারেননি। এর মধ্যে গত বছর একটি সংগঠন এখানে গরুর মাংস বিতরণ করেছে। এবার যাদের সামর্থ্য আছে, তারা হয়তো একটি ব্রয়লার মুরগি কিনেই কোরবানির মাংসের স্বাদ খুঁজবেন।

শুধু মাঝের চর নয়, সদর উপজেলার পোড়ার চর, আইড়মারী, অষ্টআশির চর, উলিপুরের মুসারচর, জাহাজের আলগা, দইখাওয়ার চরসহ ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তা ও দুধকুমার নদের অববাহিকার শত শত চরের অধিকাংশ পরিবারের অবস্থাই প্রায় একই। নদীভাঙন, দারিদ্র্য আর অনিশ্চয়তার সঙ্গে লড়াই করেই কেটে যায় তাদের জীবন।

কুড়িগ্রাম চর উন্নয়ন ও বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক শফিকুল ইসলাম বেবু বলেন, “এখানে ১৬টি নদ-নদী রয়েছে, প্রায় ৪৬৯টি চর রয়েছে। এর মধ্যে ২৬৯টি চরে সাড়ে পাঁচ লাখ মানুষের বসবাস। শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থা নেই বললেই চলে। সামনে ঈদ আসছে, কিন্তু তাদের মাঝে ঈদের আনন্দ দেখা যাচ্ছে না।”

তিনি আরও বলেন, “প্রতিবছর অনেক চরে কোরবানি হয় না। বিত্তবানরা যদি এগিয়ে আসেন, তাহলে চরবাসীর মুখে হাসি ফোটানো সম্ভব।”

কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসক সোহেল হোসাইন কায়কোবাদ জানান, ঈদ উপলক্ষে হতদরিদ্র মানুষের জন্য সরকারিভাবে ভিজিএফের চাল বরাদ্দ দেওয়া হয়েছে। পাশাপাশি টিসিবির পণ্যও স্বল্পমূল্যে বিক্রি করা হচ্ছে। তিনি বলেন, “চরাঞ্চলের জীবনমান অনেক কষ্টের। বিত্তবানরা এগিয়ে এলে তাদের কষ্ট কিছুটা লাঘব হতে পারে।”

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের প্রতিনিধিদল সদ্য. সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি সদ্য. বিমানবন্দরে বিশৃঙ্খলার ঘটনায় মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন নামঞ্জুর সদ্য. চাঁদার জন্য ব্যবসায়ীকে জিম্মি, ডিজিএফআই-আনসার সদস্যসহ কারাগারে ৬ জন সদ্য. পাকিস্তান-আফগানিস্তানে ৫.২ মাত্রার ভূমিকম্প অনুভূত সদ্য. কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট সদ্য. চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার মোহাম্মদপুর থানা ওয়ার্ড বিএনপির সভাপতি সদ্য. দক্ষিণ আফ্রিকায় পৃথক দুর্ঘটনায় প্রাণ গেল বাংলাদেশিসহ ৭ জনের সদ্য. দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর: কনস্যুলেটের ভূমিকা খতিয়ে দেখতে বলল সংসদীয় কমিটি সদ্য. কমনওয়েলথ সরকারপ্রধানদের বৈঠকের নেতৃত্বে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের প্রতিনিধিদল সদ্য. সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি সদ্য. বিমানবন্দরে বিশৃঙ্খলার ঘটনায় মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন নামঞ্জুর সদ্য. চাঁদার জন্য ব্যবসায়ীকে জিম্মি, ডিজিএফআই-আনসার সদস্যসহ কারাগারে ৬ জন সদ্য. পাকিস্তান-আফগানিস্তানে ৫.২ মাত্রার ভূমিকম্প অনুভূত সদ্য. কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট সদ্য. চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার মোহাম্মদপুর থানা ওয়ার্ড বিএনপির সভাপতি সদ্য. দক্ষিণ আফ্রিকায় পৃথক দুর্ঘটনায় প্রাণ গেল বাংলাদেশিসহ ৭ জনের সদ্য. দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর: কনস্যুলেটের ভূমিকা খতিয়ে দেখতে বলল সংসদীয় কমিটি সদ্য. কমনওয়েলথ সরকারপ্রধানদের বৈঠকের নেতৃত্বে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির