কুড়িগ্রামের কচাকাটা এলাকায় পরিকল্পিতভাবে এক গৃহবধূকে গলা কেটে হত্যার ঘটনায় প্রধান আসামি মো. এরশাদ আলীকে ৭২ ঘণ্টার মধ্যে গাজীপুর থেকে গ্রেপ্তার করেছে র্যাব-১।
র্যাব সূত্রে জানানো হয়, গ্রেপ্তারকৃত আসামি এরশাদ আলী (৩৩) কুড়িগ্রামের কচাকাটা থানাধীন নারায়ণপুর ইউনিয়নের পানিরচর মাঝিখালী গ্রামের ভিকটিম শাহিদা খাতুন (২৮)-এর প্রতিবেশী।
এরশাদ আলী পূর্বশত্রুতার জেরে ১২–১৩ জন সহযোগীর সহায়তায় ১৪ জানুয়ারি ২০২৬ তারিখে ভিকটিমের গলা কেটে হত্যা করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
ঘটনার পর কচাকাটা থানার পুলিশ মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে এবং ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম সদর হাসপাতালে পাঠায়। এ ঘটনায় ভিকটিমের পিতা মো. সাইফুর রহমান বাদী হয়ে কচাকাটা থানায় একটি মামলা দায়ের করেন।
র্যাব-১ জানায়, হত্যাকাণ্ডের খবর প্রচারিত হওয়ার পর গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়। এরই ধারাবাহিকতায় ১৭ জানুয়ারি ২০২৬ দুপুরে গাজীপুরের দৌলতপুর এলাকা থেকে আসামিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) কাছে হস্তান্তর করা হয়েছে।