ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা–৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী শরীফ ওসমান বিন হাদি হত্যার বিচারের দাবিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) বিক্ষোভ মিছিল করেছে ইনকিলাব মঞ্চ।
শুক্রবার (১৬ জানুয়ারি) জুমার নামাজের পর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রধান ফটকে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ চলাকালে শিক্ষার্থীরা ‘নারায়ে তাকবির আল্লাহু আকবার’, ‘ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ’, ‘হাদি ভাই কবরে খুনি কেন বাহিরে’, ‘বিচার বিচার বিচার চাই, হাদি হত্যার বিচার চাই’, ‘তুমি কে আমি কে হাদি হাদি’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’ এবং ‘দিনদুপুরে মানুষ মরে, ইন্টেরিম কি করে’—এমন বিভিন্ন স্লোগান দেন।
সমাবেশে বক্তব্য দেন ইনকিলাব মঞ্চের যুগ্ম সদস্য সচিব ও লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী মো. হাসান অন্তর। তিনি বলেন, হাদি ভাইয়ের জানাজায় লক্ষ লক্ষ মানুষ অংশ নিয়েছে এবং দেশের প্রতিটি মানুষ এই হত্যার বিচার চায়। তিনি প্রশ্ন রাখেন, সব রাজনৈতিক দল ও সুশীল সমাজ বিচার দাবি করলেও এখনো কেন বিচার হয়নি। তিনি আরও বলেন, হাদির মতো একজন সৎ ও বিপ্লবী মানুষ যদি বিচার না পায়, তাহলে দেশে সুষ্ঠু বিচার ব্যবস্থা নিয়ে প্রশ্ন থেকে যায়। তিনি অন্তর্বর্তী সরকারের প্রতি অভিযোগ করে বলেন, তারা নির্বাচন নিয়ে ব্যস্ত থাকলেও এখনো হাদি হত্যার বিচার নিশ্চিত করতে তৎপর হয়নি।
উল্লেখ্য, শরীফ ওসমান বিন হাদি ২০২৫ সালের ১২ ডিসেম্বর গুলিবিদ্ধ হন। পরে চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হলে ১৮ ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।