বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে নতুন এক সম্মান পেলেন কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। সদ্য আবিষ্কৃত একটি সামুদ্রিক স্লাগের (খোলসবিহীন শামুক) নাম রাখা হয়েছে তার নামে।
ক্যারিবিয়ান অঞ্চলে আবিষ্কৃত ছোট লাল রঙের এই মলাস্ক প্রাণীটির নাম দেওয়া হয়েছে ‘অ্যালডিসা ভোজিনহা’। জীববিজ্ঞানী জেসুস ওরতেয়া কেপ ভার্দের বিশ্বকাপ যাত্রায় ৪০ বছর বয়সী এই গোলরক্ষকের অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে এ নামকরণ করেন।
বিশ্বকাপে কেপ ভার্দের ইতিহাস গড়ার পেছনে বড় ভূমিকা ছিল ভোজিনহার। ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেনের বিপক্ষে গোলশূন্য ড্রয়ে তার দুর্দান্ত গোলরক্ষণে বিশ্বকাপে প্রথম পয়েন্ট পায় দলটি। পরে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষেও শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করে কেপ ভার্দে।
জীববিজ্ঞানী ওরতেয়া জানান, ভোজিনহার অসাধারণ পারফরম্যান্সকে স্মরণীয় করে রাখতেই প্রাণীটির নাম তার নামে রাখা হয়েছে। স্পেনের বিপক্ষে ম্যাচে তার বীরত্বের সঙ্গে মিল রেখে প্রাণীটির লাল রঙকেও বিশেষ প্রতীক হিসেবে উল্লেখ করেন তিনি।
বিশ্বকাপে আলোচনায় আসার পর ভোজিনহার জনপ্রিয়তাও ব্যাপকভাবে বেড়েছে। তার ইনস্টাগ্রাম অনুসারীর সংখ্যা ৫০ হাজার থেকে বেড়ে পৌঁছেছে প্রায় ১ কোটি ৭৪ লাখে।
এর আগে জীববিজ্ঞানী জেসুস ওরতেয়া ফুটবল তারকাদের সম্মানে আরও কয়েকটি নতুন প্রজাতির প্রাণীর নামকরণ করেছেন। এবার সেই তালিকায় যুক্ত হলো কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহার নাম।