দলীয় সিদ্ধান্ত অমান্য করে বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থীর পক্ষে প্রচার-প্রচারণাসহ সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বিএনপি তাদের জাতীয় নির্বাহী কমিটির সদস্য সমিরণ দেওয়ানসহ বিভিন্ন জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের একাধিক নেতাকে দল থেকে বহিস্কার করেছে।
রোববার (১ ফেব্রুয়ারি) রাতে দলের দফতরের দায়িত্বে নিয়োজিত সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার কারণে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য সমিরণ দেওয়ানকে দল থেকে বহিস্কার করা হয়েছে। একই অভিযোগে নেত্রকোনা জেলার আটপাড়া উপজেলা বিএনপির সদস্য আলী হায়দার কাঞ্চন ও এম জি শামীম, কিশোরগঞ্জ জেলার নিকলী উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি হাজী মো. মাসুক মিয়া ও এখলাসুর রহমান দুলাল, নিকলী উপজেলা বিএনপির সহ-সভাপতি ও সদর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মো. হারুন অর কাইয়ুম, উপজেলা বিএনপির সদস্য বদরুল আলম বাচ্চু, কারপাশা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল ওয়াদুদ এবং জারইতলা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি ইসহাক মেম্বারকে বহিস্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।
এ ছাড়া বাজিতপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি তোফাজ্জল হোসেন বাদল, যুগ্ম সাধারণ সম্পাদক নিয়াজ মামনুন রহমান পুটন, মাইজচর ইউনিয়ন বিএনপির সভাপতি জিল্লুর রহমান, গাজিরচর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান ভূঁইয়া, হিলচিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর কবির আলম, মাইজচর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম এবং কৈলাগ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলামকেও দল থেকে বহিস্কার করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বহিস্কৃত এসব নেতাকে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।