জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনের জন্য 'ঐক্যবদ্ধ জবিয়ান' নামে প্যানেল ঘোষণা করেছে ছাত্রশক্তি। তবে প্যানেল ঘোষণা করলেও 'মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র' পদটি জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ অনিকের সম্মানে খালি রেখেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা জাতীয় ছাত্রশক্তি।
মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের ভাষা শহীদ রফিক ভবনের সামনে এই প্যানেল ঘোষণা করেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি জাহিদ হাসান।
গতবছর, জুলাই গণঅভ্যুত্থানের সময় ১৬ জুলাই ঢাকা সিএমএম আদালতের সামনে আন্দোলনরত অবস্থায় গুলিবিদ্ধ হন অনিক।
এ বিষয়ে জবি শাখা জাতীয় ছাত্রশক্তির আহ্বায়ক ফয়সাল মুরাদ বলেন, 'জুলাই গণঅভ্যুত্থানে প্রথম যে চারজন গুলিবিদ্ধ হয়েছিল, অনিক কুমার দাস তাদের মধ্যে একজন। জুলাই আন্দোলনকে ঘিরে তাঁর যে ত্যাগ এটি জগন্নাথসহ পুরো দেশ দেখেছে। গুলিবিদ্ধ হয়ে মৃত্যর দুয়ার থেকে সে ফিরে এসেছে।'
তিনি বলেন, 'সনাতন ধর্মের হলে প্রচলিত একটা অভিযোগ থাকে, অধিকাংশই আওয়ামীলীগ সমর্থন করে। অনিক সেই মিথ্যা ভেঙে দিয়ে জুলাইয়ে নিজের বুক পেতে গুলি নিয়েছে। এমন একজন লড়াকু বীরের সম্মানার্থে আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রশক্তি 'মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র' পদটিতে কোনো প্রার্থী ঘোষণা করিনি।'
উল্লেখ্য, অনিক কুমার দাস জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান' প্যানেল থেকে 'মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র' পদে প্রার্থী হয়েছেন।
প্রসঙ্গ, বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠার পর প্রথমবার জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনের ভোটগ্রহণ হবে আগামী ২২ ডিসেম্বর। ইতোমধ্যে মনোনয়নপত্র বিতরণ প্রক্রিয়া শেষ করেছে কর্তৃপক্ষ।