চট্টগ্রামের জোরারগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
অভিযানে ৩ হাজার ৫৪৬ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়। জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ কাজী নাজমুল হকের নির্দেশনা ও তত্ত্বাবধানে এসআই (নিঃ) হান্নান আল মামুনের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেলে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বারইয়ারহাট পৌরসভার উত্তর সোনাপাহাড় এলাকায় আলনূর হাসপাতালের বিপরীতে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের উত্তর পাশের ইউ-টার্নসংলগ্ন সড়কে অভিযান চালানো হয়।
অভিযান চলাকালে মো. নজরুল ইসলাম (২৬) নামের এক যুবককে আটক করা হয়। পরবর্তীতে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ৩ হাজার ৫৪৬ পিস ইয়াবা ট্যাবলেট এবং একটি হোন্ডা লিভো মোটরসাইকেল উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত নজরুল ইসলাম নোয়াখালী জেলার কবিরহাট থানার মকবুল চৌধুরী হাট এলাকার নুলুয়া গ্রামের বাসিন্দা সিরাজুল হকের ছেলে।
এ বিষয়ে জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ কাজী নাজমুল হক বলেন, জব্দকৃত মাদকদ্রব্য ও মোটরসাইকেলসহ আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। তিনি আরও বলেন, মাদক নির্মূলে পুলিশের এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।