জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে স্বচ্ছতা ও দ্রুততা নিশ্চিত করতে ডিজিটাল ওএমআর (Optical Mark Recognition) মেশিনের মাধ্যমে ভোট গণনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠিতব্য নির্বাচনে এই প্রযুক্তি ব্যবহারের বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোস্তফা হাসান।
প্রধান নির্বাচন কমিশনার বলেন, “সম্প্রতি দেশের চারটি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত ছাত্র সংসদ নির্বাচনে আমরা কায়িক (ম্যানুয়াল) ও ডিজিটাল—উভয় ধরনের ভোট গণনা পদ্ধতি পর্যবেক্ষণ করেছি। সেসব বিশ্ববিদ্যালয়ের অভিজ্ঞতা এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাস্তব পরিস্থিতি বিবেচনায় নিয়ে ওএমআর মেশিনের মাধ্যমে ভোট গণনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”
তিনি আরও জানান, ভোট গণনার জন্য মোট ৯টি ওএমআর মেশিন ব্যবহৃত হবে।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ভোট গ্রহণের জন্য বিশ্ববিদ্যালয়ের ৬টি কেন্দ্রে প্রতিটি বিভাগের জন্য আলাদা কক্ষ বরাদ্দ থাকবে। প্রতি ১০০ জন ভোটারের জন্য একটি করে বুথ নিশ্চিত করা হবে। তবে কোনো বিভাগে কতটি বুথ থাকবে, তা নির্ধারিত হবে সংশ্লিষ্ট বিভাগের মোট ভোটার সংখ্যার ওপর ভিত্তি করে।
নির্বাচন কমিশনের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়েছে, ডিজিটাল পদ্ধতিতে ভোট গণনার ফলে জকসু নির্বাচনের ফলাফল দ্রুত, নির্ভুল ও বিশ্বাসযোগ্যভাবে ঘোষণা করা সম্ভব হবে।