জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষের ‘এ’ ইউনিটের (বিজ্ঞান ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদ) ভর্তি পরীক্ষা আগামীকাল ২৬ ডিসেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। এ বছর প্রতি আসনের বিপরীতে প্রতিযোগিতা করবেন গড়ে ৮৫ জন পরীক্ষার্থী।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ‘এ’ ইউনিটে মোট ৮৬০টি আসনের বিপরীতে আবেদন করেছেন ৭২ হাজার ৪৭৪ জন শিক্ষার্থী। অন্যদিকে, ‘সি’ ইউনিটে (বাণিজ্য অনুষদ) ৫২০টি আসনের বিপরীতে আবেদনকারীর সংখ্যা ২০ হাজার ৫৩৭ জন।
জানা যায়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নিজস্ব কেন্দ্র ছাড়াও ঢাকা, কুমিল্লা, খুলনা ও রাজশাহীসহ মোট ১২টি কেন্দ্রে একযোগে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ঢাকার অভ্যন্তরে মোট ৯টি কেন্দ্রে পরীক্ষা গ্রহণ করা হবে। কেন্দ্রগুলো হলো— জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজ, মোহাম্মদপুর সরকারি উচ্চবিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, বাংলাবাজার সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, ঢাকা কলেজিয়েট স্কুল, কে এল জুবিলী হাইস্কুল অ্যান্ড কলেজ এবং বিআইএএম মডেল হাইস্কুল অ্যান্ড কলেজ।
এছাড়া ঢাকার বাইরে রাজশাহী বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয় ও খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেও ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
ভর্তি পরীক্ষা মোট ১০০ নম্বরের হবে। এর মধ্যে ৭২ নম্বর থাকবে বহুনির্বাচনী (এমসিকিউ) প্রশ্নে এবং অবশিষ্ট ২৮ নম্বর নির্ধারণ করা হবে এসএসসি ও এইচএসসি (বা সমমান) পরীক্ষার ফলাফলের ভিত্তিতে। ‘এ’ ইউনিটের পরীক্ষায় পদার্থবিজ্ঞান, রসায়ন, গণিত অথবা জীববিজ্ঞান বিষয় থেকে প্রশ্ন থাকবে।
সার্বিক প্রস্তুতি সম্পর্কে বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. পরিমল বালা বলেন, “ভর্তি পরীক্ষা আয়োজনের সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। পরীক্ষার্থীদের যাতায়াত ও সুবিধার কথা বিবেচনায় নিয়ে এবার ঢাকার বাইরে খুলনা, রাজশাহী ও কুমিল্লায় কেন্দ্র রাখা হয়েছে।”
উল্লেখ্য, এর আগে গত ১৩ ডিসেম্বর ‘ই’ ইউনিটের (চারুকলা অনুষদ) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ঘোষিত সূচি অনুযায়ী, ২৭ ডিসেম্বর ‘সি’ ইউনিটের (বাণিজ্য) পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়া ৯ জানুয়ারি ‘ডি’ ইউনিটের (সামাজিক বিজ্ঞান) এবং ৩০ জানুয়ারি ‘বি’ ইউনিটের (কলা ও আইন অনুষদ) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।