কক্সবাজার-২ মহেশখালী ও কুতুবদিয়া আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী ও দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এইচ এম হামিদুর রহমান আযাদের মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে। শুক্রবার বিকেল পাঁচটায় কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই চলাকালে মামলা সংক্রান্ত জটিলতার কারণে তাঁর মনোনয়ন প্রথমে স্থগিত রাখা হয়। পরে প্রয়োজনীয় নথিপত্র উপস্থাপন করতে ব্যর্থ হওয়ায় জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা আব্দুল মান্নান আনুষ্ঠানিকভাবে মনোনয়ন বাতিলের ঘোষণা দেন।
রিটার্নিং কর্মকর্তা জানান, একটি মামলার যথাযথ কাগজপত্র জমা না দেওয়ায় কক্সবাজার-২ আসনে জামায়াতের প্রার্থীর মনোনয়ন বৈধতা পায়নি। তবে এই সিদ্ধান্তের বিরুদ্ধে আগামী ৫ জানুয়ারি থেকে ১১ জানুয়ারির মধ্যে নির্বাচন কমিশনে আপিল করার সুযোগ থাকবে।
এই আসনে মোট সাতজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। তাঁদের মধ্যে হামিদুর রহমান আযাদ ছাড়াও গোলাম মাওলা নামের আরেক প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। যাচাই-বাছাই শেষে বৈধ ঘোষিত প্রার্থীরা হলেন আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, জিয়াউল হক ইসলামী আন্দোলন বাংলাদেশ, ওবাইদুল কাদের নদভী বাংলাদেশ খেলাফত মজলিস, এস এম বোকনুজ্জামান খান গণঅধিকার পরিষদ এবং মোহাম্মদ মাহমুদুল করিম জাতীয় পার্টি।
উল্লেখ্য, মনোনয়ন বাতিল হওয়া হামিদুর রহমান আযাদ ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে এই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।