লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান ও ১১ দলীয় নির্বাচনী ঐক্যের নেতা কর্নেল (অব.) অলি আহমদ বলেছেন, জামায়াতে ইসলামীর আমির কোথাও নিজেকে স্বাধীনতার ঘোষক হিসেবে দাবি করেননি। তাঁর ভাষায়, জামায়াত আমির শুধু বলেছেন যে তিনি প্রথম বিদ্রোহ করেছিলেন, যা ঐতিহাসিকভাবে সঠিক।
আজ মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে রাঙ্গুনিয়ায় ১১ দলীয় জোটের সমাবেশ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অলি আহমদ এসব কথা বলেন। চট্টগ্রামের বন্দর মাঠে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের বক্তব্যকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে যে বিতর্ক তৈরি হয়েছে, তারই প্রতিক্রিয়ায় তিনি এ মন্তব্য করেন।
অলি আহমদ বলেন, জামায়াত আমিরের বক্তব্যে কোথাও তাঁকে স্বাধীনতার ঘোষক বলা হয়নি। তিনি শুধু বলেছেন, চট্টগ্রাম থেকেই স্বাধীনতার ঘোষণা দেওয়া হয়েছিল এবং চট্টগ্রাম থেকে ‘উই রিভোল্ট’ বলে প্রথম বিদ্রোহ করা হয়। অলি আহমদের দাবি, এই বক্তব্যে তাঁর সম্মানহানির মতো কিছু নেই।
গত ২ ফেব্রুয়ারি চট্টগ্রামের বন্দর মাঠে আয়োজিত সমাবেশে জামায়াত আমির বলেন, চট্টগ্রাম থেকেই স্বাধীনতার ঘোষণা দেওয়া হয় এবং কর্নেল অলি আহমদ প্রথম বিদ্রোহ করেন। এর ছয় ঘণ্টা আগে লোহাগাড়ায় ১১ দলীয় জোটের সমাবেশে অলি আহমদ নিজেও বলেন, চট্টগ্রাম থেকে তিনি বিদ্রোহ ঘোষণা করেছিলেন।
এই বক্তব্যকে কেন্দ্র করে বিএনপির কিছু নেতাকর্মী সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি তোলেন, জামায়াত আমির কর্নেল অলি আহমদকে স্বাধীনতার ঘোষক হিসেবে উল্লেখ করেছেন। তবে ভিডিও পর্যালোচনায় দেখা যায়, জামায়াত আমির কোথাও অলি আহমদের নাম উল্লেখ করে তাঁকে স্বাধীনতার ঘোষক বলেননি।
এ প্রসঙ্গে অলি আহমদ আরও বলেন, জামায়াত আমির সঠিক কথাই বলেছেন এবং কারও সম্মান নষ্ট করার মতো কিছু বলেননি। যারা বিষয়টি নিয়ে সমালোচনা করছেন, তাদের আচরণ নিয়ে তিনি কঠোর ভাষায় প্রতিক্রিয়া জানান এবং বলেন, সমালোচকদের কাজ তাদের মতো করেই চলতে থাকবে, আর তারা নিজেদের কাজ চালিয়ে যাবেন।