জামালপুর সদর-৫ আসনে স্বতন্ত্র বৈধ প্রার্থী হিসেবে প্রার্থিতা ফিরে পেয়েছেন মাসুদ ইব্রাহীম।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) উচ্চ আদালত ও নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী জামালপুর সংসদীয় আসন–১৪২ (সদর-৫) আসনের জন্য মাসুদ ইব্রাহীমকে বৈধ স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়। পরে তিনি জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ ইউসুফ আলীর কাছে উচ্চ আদালত ও নির্বাচন কমিশনের রায়ের কপি হস্তান্তর করেন। এর ফলে জামালপুর জেলায় মোট ৩৩ জন প্রার্থী আগামী ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন বলে জানানো হয়।
এ বিষয়ে জামালপুর সংসদীয় আসন–১৪২ সদর-৫ আসনের স্বতন্ত্র বৈধ প্রার্থী মাসুদ ইব্রাহীম বলেন, “উচ্চ আদালত ও নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী আমি জামালপুর সদর-৫ আসন থেকে স্বতন্ত্র বৈধ প্রার্থী হিসেবে জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করব।” সাবেক কেন্দ্রীয় ছাত্র ও যুবনেতা হিসেবে তিনি জামালপুর সদরের সার্বিক উন্নয়নে কাজ করার পাশাপাশি মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত জামালপুর গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।
তিনি আরও বলেন, “আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে আমাকে বিজয়ী করলে জামালপুর পৌরসভার ১২টি ওয়ার্ড এবং সদর উপজেলার ১৫টি ইউনিয়নের প্রান্তিক পর্যায়ের মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করব। নতুন নতুন কলকারখানা নির্মাণ, গ্রামীণ সড়ক উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য ও স্যানিটেশন ব্যবস্থার উন্নয়ন নিশ্চিত করে জনগণের নাগরিক অধিকার বাস্তবায়নে কাজ করা হবে। একই সঙ্গে নারীর অধিকার ও নারীদের ক্ষমতায়ন, বেকার যুবক-যুবতীদের কর্মমুখী শিক্ষা গ্রহণের মাধ্যমে বেকারত্ব দূরীকরণে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে। এর মাধ্যমে জামালপুর সদরকে একটি আধুনিক, অগ্রসর ও মডেল উপজেলা হিসেবে গড়ে তোলা হবে।”
স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাসুদ ইব্রাহীম জামালপুর জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে ফুটবল প্রতীক বরাদ্দের জন্য লিখিত আবেদন করেছেন। পাশাপাশি দলমত নির্বিশেষে জামালপুর সদর এলাকার ভোটারদের প্রতি একটি করে মূল্যবান ভোট প্রদানের জন্য তিনি বিনীত আহ্বান জানিয়েছেন।