ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে ভুয়া নামজারি ও জাল কাগজপত্র ব্যবহার করে জমি রেজিস্ট্রি করার চেষ্টাকালে তিনজনকে আটক করেছে পুলিশ। সোমবার (১২ জানুয়ারি) বিকেলে দক্ষিণ কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল ভূমি অফিস সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন রাজু, মৃদুল ও বাবুল।
দক্ষিণ কেরানীগঞ্জ রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) আফতাব আহমেদ জানান, একটি সংঘবদ্ধ প্রতারক চক্র দীর্ঘদিন ধরে জাল নামজারি সনদ ও ভুয়া দলিল তৈরি করে প্রকৃত মালিকের অজান্তে জমি নিজেদের নামে রেজিস্ট্রি করার চেষ্টা করে আসছিল। সন্দেহজনক কাগজপত্র যাচাইয়ের সময় ভুয়া নথিসহ তিনজনকে হাতেনাতে আটক করা হয়।
পুলিশ জানায়, আটককৃতদের কাছ থেকে জাল নামজারি সনদ, নকল দলিল, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং রেজিস্ট্রেশন সংক্রান্ত বিভিন্ন কাগজপত্র উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জাল কাগজপত্র তৈরির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
এ ঘটনায় চক্রটির সঙ্গে জড়িত থাকার সন্দেহে দলিল লেখক ও সুজন কেরানীগঞ্জের সাধারণ সম্পাদক কাওসার আহমেদের দোকান সিলগালা করা হয়। চক্রটির অন্যান্য সদস্যদের শনাক্ত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলমান রয়েছে।
ঘটনার পর প্রতারণা ও জালিয়াতির অভিযোগে সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।