জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বি ইউনিট ভর্তি পরীক্ষা চলাকালে মোবাইল দিয়ে নকল করার সময় এক পরীক্ষার্থীকে হাতেনাতে আটক করেছেন দায়িত্বপ্রাপ্ত শিক্ষক।
সোমবার (২২ ডিসেম্বর) সকাল ১১টায় দ্বিতীয় শিফটের পরীক্ষা চলাকালে বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান অডিটোরিয়ামের দুই নম্বর কক্ষ থেকে ওই পরীক্ষার্থীকে আটক করা হয়। আটকের পর পরীক্ষার্থীকে প্রক্টর অফিসে নিয়ে যাওয়া হয় এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে জানা যায়, পরীক্ষার্থীর নাম সাদিয়া আমির মাহি। সে কক্সবাজারের চকরিয়া উপজেলার ।বাসিন্দা
এ বিষয়ে হলের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক জানান, প্রথমে ওই শিক্ষার্থীকে আমাদের সন্দেহ হয়। তাই তাকে পেছনের সিট থেকে সামনের সিটে নিয়ে আসা হয়। কিন্তু সামনের সিটে বসেও সে মোবাইলে চ্যাটজিপিটি ব্যবহার করে পরীক্ষায় অসদুপায় অবলম্বন করে। পরবর্তীতে তাকে হাতেনাতে ধরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে সোপর্দ করা হয়।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক রাশেদুল আলম জানান, “আমরা সংশ্লিষ্ট অনুষদের ইউনিট প্রধানকে জানিয়েছি, যেন ওই পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল করা হয় এবং ভবিষ্যতে সে যেন আর কখনো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশ নিতে না পারে—সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়।”
উল্লেখ্য, গতকাল রোববারও নকল করার অভিযোগে আরও এক পরীক্ষার্থীকে মোবাইলসহ হাতেনাতে আটক করা হয়।