জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলের ৭২৩ নম্বর কক্ষ থেকে বিপুল পরিমাণ বিদেশি মদসহ এক ছাত্রদল কর্মীকে আটক করা হয়েছে। রোববার (৪ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে হল প্রশাসন ওই কক্ষে অভিযান চালিয়ে তাকে আটক করে।
আটক শিক্ষার্থীর নাম মো. ফজলে আজওয়াদ। তিনি ২০২২–২৩ শিক্ষাবর্ষের (৫২তম ব্যাচ) সরকার ও রাজনীতি বিভাগের শিক্ষার্থী। যদিও ঘটনাস্থল কাজী নজরুল ইসলাম হল, তবে তিনি বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হলের বৈধ শিক্ষার্থী। তার বাড়ি জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলায়।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের কর্মী হিসেবে পরিচিত আজওয়াদ গত ১১ সেপ্টেম্বর ২০২৪ অনুষ্ঠিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) হল সংসদ নির্বাচনে মীর মশাররফ হোসেন হল সংসদে ছাত্রদলের প্যানেল থেকে সমাজ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।
হল প্রশাসন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রাত ১০টার দিকে হল প্রভোস্ট অধ্যাপক আব্দুর রাজ্জাকের নেতৃত্বে হলের ৭২৩ নম্বর কক্ষে অভিযান পরিচালনা করা হয়। তল্লাশি চালিয়ে ওই কক্ষ থেকে ২১ বোতল বিদেশি মদসহ আজওয়াদকে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আজওয়াদ জানান, মদগুলো তিনি নিজে সেবনের উদ্দেশ্যে জামালপুরে তার গ্রামের বাড়ি থেকে এনেছেন। পরে তিনি আরও দাবি করেন, থার্টি ফার্স্ট নাইট উদযাপনের জন্য মদগুলো জামালপুরের সীমান্তবর্তী এলাকা থেকে সংগ্রহ করা হয়েছিল।
অভিযান শেষে হলের ভারপ্রাপ্ত প্রভোস্ট অধ্যাপক ড. মুহাম্মাদ আব্দুর রাজ্জাক বলেন, রাত সাড়ে ৯টার দিকে একটি গোপন সূত্রের ভিত্তিতে হল প্রশাসন ও হল সংসদের সদস্যরা যৌথভাবে অভিযান চালান। এ সময় সংশ্লিষ্ট কক্ষ থেকে ১৭ বোতল ভদকা ও ৩ বোতল হুইস্কিসহ মোট ২০ বোতল মদ জব্দ করা হয়।
তিনি আরও জানান, এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হবে এবং কমিটির সুপারিশ অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলাবিধি অনুসারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।